আমিন ফুড ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের অনুমোদনবিহীন নুডলস তৈরি ও বিক্রির দায়ে খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমিন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে গতকাল বুধবার তিন লাখ টাকা জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কদমতলী থানার রায়েরবাজার এলাকায় আমিন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের কারখানায় অভিযান চালান। অনুমোদন না নিয়ে ওই প্রতিষ্ঠান হ্যানোলাক্স ব্র্যান্ডের নামে নুডলস বাজারজাত করে আসছিল। এসব নুডলসের প্যাকেটে বিএসটিআইয়ের মানচিহ্নও তারা ব্যবহার করে। প্রতিষ্ঠানটি এসিআই পিউর ব্র্যান্ড ও জুজু ব্র্যান্ডের নামেও নুডলস বাজারজাত করেছিল। এ ব্যাপারে এসব কোম্পানির সঙ্গে তাদের কোনো চুক্তিপত্র ও বিএসটিআইয়ের অনুমোদন দেখাতে তারা ব্যর্থ হয়। এতে আদালত ওই প্রতিষ্ঠানের দুজন ব্যবস্থাপককে দেড় লাখ করে তিন লাখ টাকা জরিমানা করেন এবং অনাদায়ে দেড় মাস করে কারাদণ্ডাদেশ দেন। আমিন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজে লিপি ব্র্যান্ডের ফ্লেভার জেল তৈরি হচ্ছিল। সেখানে প্রায় ২০-২৫ জন শিশু শ্রমিক দিয়ে কাজ করা হচ্ছিল, যা শিশুশ্রম আইনের লঙ্ঘন। আদালত এ বিষয়ে জরিমানা না করে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেন। বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ প্রথম আলোকে বলেন, আমিন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ পণ্যের গুণগতমান পরীক্ষা না করে নুডলস তৈরি করে আসছিল। এ ছাড়া তারা অনুমতি না নিয়ে অন্য দুটি ব্র্যান্ডের নুডলস তৈরি করছিল। কারখানার নুডলস তৈরির অংশটুকু সিলগালা করা হয়। ফিলিং স্টেশনকে জরিমানা: একই আদালত পরে উত্তর যাত্রাবাড়ী এলাকার সাজেদা ফিলিং স্টেশনে অভিযান চালান। সেখানে প্রতি ১০ লিটার ডিজেলে মাপে ১৫০ মিলিলিটার কম ও ১০ লিটার অকটেনে ৩৫০ মিলিলিটার কম পাওয়ার প্রমাণ পান আদালত। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহামাম্মদ আল-আমিনের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযানে সহায়তা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।