পরিবেশ আইন লঙ্ঘন করে আবাসন প্রকল্প গড়ে তোলার দায়ে আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্টস লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ ছাড়পত্র ছাড়াই ঢাকার মান্ডা, মাতুয়াইল ও দক্ষিণগাঁও এলাকায় ভূমি ভরাট করে একটি আবাসন প্রকল্প গড়ে তোলায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী, আবাসন প্রকল্প একটি লাল শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান, যার বিপরীতে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্টস লিমিটেড এ ছাড়পত্র ছাড়াই ভূমি উন্নয়নের কাজ করছিল। পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় গতকাল বুধবার ১০ লাখ টাকা জরিমানা করেন। এর আগে ২০০৬ সালে আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্টস লিমিটেডকে একই অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি এর কোনো জবাব দেয়নি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়মিতকরণ না করে প্রকল্পের ভৌত অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখে।প্রতিষ্ঠানটির প্রকল্পভুক্ত জমির পরিমাণ ১৪৮ একর। গতকাল ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালককে পরিবেশ অধিদপ্তরে তলব করা হলে তারা পরিবেশ আইন লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে পরিবেশ আইন মান্য করে পরিবেশসম্মতভাবে আবাসন প্রকল্প গড়ে তোলার অঙ্গীকার করে। প্রতিষ্ঠানকে অবিলম্বে সব নিয়মনীতি অনুসরণ করে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।