আমিন হুদার জামিন বাতিল, আত্মসমর্পণ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত আমিন হুদার জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। তাঁকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার এ আদেশ দেন।আইনজীবী সূত্রগুলো জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই হাইকোর্টে আপিল করেন আমিন হুদা। ৩১ জুলাই আপিল গ্রহণ করে হাইকোর্ট মামলার নথি তলব করেন। চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্টে তাঁর জামিন আবেদন উত্থাপন করা হয়। শুনানি নিয়ে ১১ ফেব্রুয়ারি দুই মামলায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আমিন হুদার ছয় মাসের জামিন মঞ্জুর করেন। এই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ ১০ মার্চ আপিল বিভাগে আবেদন করে।আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক মামলা পরিচালনা করেন। আমিন হুদার পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।পরে একরামুল হক প্রথম আলোকে বলেন, দুই মামলায় আমিন হুদার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করে আপিল বিভাগ এক সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ পালনে ব্যর্থ হলে তাঁকে গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।মো. খুরশীদ আলম খান বলেন, ‘স্বাস্থ্যগত দিক বিবেচনা করে’ হাইকোর্ট দুই মামলায় আমিন হুদার ছয় মাসের জামিন মঞ্জুর করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ ওই জামিন আদেশ বাতিল করেছেন।আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশানের একটি বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, গুলশানের আরেকটি বাসায় অভিযান চালিয়ে ১৩৮ বোতল মদ, পাঁচ কেজি ইয়াবা বড়ি (সংখ্যায় এক লাখ ৩০ হাজার), ইয়াবা তৈরির যন্ত্র ও উপাদান উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে। এ দুই মামলায় গত বছরের ১৫ জুলাই আমিন হুদা ও আহসানুল হককে বিভিন্ন ধারায় মোট ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন বিচারিক আদালত। তবে আমিন হুদাকে সর্বোচ্চ ১৪ বছর সাজাভোগ করতে হবে বলে আইনজীবী সূত্রে জানা গেছে।