আমিন হুদার বিরুদ্ধে ইয়াবার মামলার তারিখ ফের পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ব্যবসায়ী আমিন হুদার হেফাজত থেকে ইয়াবা বড়ি ও মদ উদ্ধারের ঘটনায় করা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ আবার পিছিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন ১৩ মে পরবর্তী তারিখ ধার্য করেন। গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। গতকাল সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত তারিখ পিছিয়ে দেন। এর আগে গত ৩০ এপ্রিল একই কারণে বিচারক তারিখ পিছিয়েছিলেন।সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, র‌্যাবের দায়ের করা দুটি মাদক মামলায় ২০০৮ সালের ১৬ জানুয়ারি আমিন হুদা ও আহসানুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিপক্ষ অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। গত বছর হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করায় আবার বিচারকাজ শুরু হয়। ২০০৭ সালের ২৪ অক্টোবর র‌্যাব গুলশান-১-এর ১২৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে আমিন হুদা ও আহসানুল হককে গ্রেপ্তার করে। এ সময় ৩০ বোতল ফেনসিডিল, ৪৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে তাঁরা গুলশানের আরেকটি বাসায় মাদক থাকার কথা বলেন। পরে ওই বাসা থেকে ১৩৮ বোতল মদ এবং এক লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি এবং ইয়াবা তৈরির উপাদান ও যন্ত্র উদ্ধার করা হয়।