আমিন হুদার বিরুদ্ধে মাদক মামলার রায় হয়নি
আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হকের বিরুদ্ধে করা মাদক মামলায় গতকাল রোববার রায় হয়নি। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন ছুটিতে থাকায় ১৫ জুলাই রায়ের তারিখ ধার্য করা হয়েছে।আসামি আমিন হুদা ও আহসানুল হক বর্তমানে কারাগারে আটক আছেন। ১ জুলাই পৃথক দুটি মামলার যুক্তিতর্ক শুনানি শেষে আদালত জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন।সংশ্লিষ্ট আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেছিলেন। বিচারক ছুটিতে থাকায় রায়ের তারিখ পেছানো হয়েছে।২০০৭ সালের ২৪ অক্টোবর র্যাব গুলশান-১-এর একটি বাসায় অভিযান চালিয়ে আমিন হুদা ও তাঁর কথিত সহযোগী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে। মামলার অভিযোগ অনুযায়ী, এ সময় ঘর তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল, ৪৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গুলশানের আরেকটি বাসায় মাদক থাকার কথা বলেন। ওই বাসা থেকে র্যাব ১৩৮ বোতল মদ এবং পাঁচ কেজি ইয়াবা বড়ি (সংখ্যায় এক লাখ ৩০ হাজার), ইয়াবা তৈরির উপাদান ও যন্ত্র উদ্ধার করে। এর পরিপ্রেক্ষিতে র্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করে। দুটি মামলায় ২০০৮ সালের ১৬ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। আসামিপক্ষ অভিযোগ গঠনের বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। গত বছর হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করায় আবার বিচারকাজ শুরু হয়।রাষ্ট্রপক্ষে মামলার শুনানি করেন এস এম রফিকুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন আহমেদ, বোরহান উদ্দিন ও মোশারফ হোসেন।