আমিন হুদার বিরুদ্ধে মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ পেছাল
বিতর্কিত ব্যবসায়ী আমিন হুদার দখল থেকে ইয়াবা বড়ি ও মদ উদ্ধারের ঘটনায় করা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছে। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন ৮ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ১৫ এপ্রিল সাক্ষী মোয়াজ্জেম হোসেনকে টেন্ডার (আগের সাক্ষ্য-বক্তব্য সমর্থন করেন) করা হয়। কিন্তু জেরায় মোয়াজ্জেম মামলার ঘটনার সঙ্গে জড়িত নন বলে জানান। জেরাকালে তিনি আসামিদের পক্ষে সাফাই করেন। এ জন্য তাঁর জবানবন্দি নিতে আবার ডাকা হয়েছে।গতকাল এ মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।২০০৭ সালের ২৪ অক্টোবর র্যাব গুলশান-১-এর ১২৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে আমিন হুদা ও সহকারী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে। এ সময় ঘর তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল, ৪৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে তাঁরা গুলশানের আরেকটি বাসায় মাদক থাকার কথা বলেন। ওই বাসা থেকে র্যাব ১৩৮ বোতল মদ, পাঁচ কেজি ইয়াবা বড়ি ও অন্যান্য উপাদান উদ্ধার করে।