আমিনবাজার থেকে ওয়াশপুর, বিধ্বস্ত সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের ওয়াশপুর থেকে সাভার আমিনবাজারের দিকে যাওয়ার সড়কটি খানাখন্দ, গর্ত ও ধুলায় ভরা। মানুষের ভোগান্তির শেষ নেই। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছরই ঠিক করা হবে বলা হয়। কিন্তু ঠিক হয় না।

বছিলার শহীদ বুদ্ধিজীবী সেতুর পরই ওয়াশপুর। এখান থেকে ডান দিকে একটি সড়ক চলে গেছে। সড়কটি আট থেকে নয় কিলোমিটার। গতকাল রোববার দেখা যায়, চরওয়াশপুর থেকে শ্যামলাপুর ওয়েস্টার্ন হাউজিং পর্যন্ত সড়ক মোটামুটি চলাচলের উপযোগী। এর পরের অংশের রাস্তা পিচঢালা, সুরকি না ইটের, তা বোঝার উপায় নেই। উঁচু-নিচু, গর্ত ও ভাঙা। পুরো পথই ধুলায় ভরা। আশপাশের গাছও ধুলোয় ছেয়ে গেছে। এ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক বেশি চলে।

লুটেরচর থেকে নয়াগাঁওয়ের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এখানে প্রতিটি যানবাহনই সাবধানে চলে। শ্যামলাপুর থেকে আমিনবাজার যেতে বেশ কিছু ইটভাটা আছে। সারাক্ষণই অসংখ্য ট্রাক চলাচল করে। এলাকাবাসী বলেন, সড়ক খুব বেশি চওড়া নয়। এর মধ্য দিয়ে ইটভর্তি ভারী ভারী ট্রাক চলায় সড়ক আরও খারাপ হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি আবাসন প্রকল্প হচ্ছে। তাদের নির্মাণকাজের মালপত্রও নিত্য আনা-নেওয়া হয়।

এ সড়কের কিছু অংশ পড়েছে কেরানীগঞ্জে, বাকিটা সাভারে। কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাজাহান আলী প্রথম আলোকে বলেন, সড়কটির বেশির ভাগ অংশ সাভারে হওয়ায় তারাই এটা দেখে থাকে। সাভার উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র কুমার বলেন, তিনি অল্পদিন হয়েছে যোগদান করেছেন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।