ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতাল চলাকালে গতকাল সোমবার হরতালবিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচিতে বলা হয়, ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি আমিনী হরতালের নামে পবিত্র কোরআনের অবমাননা করেছেন। এ জন্য আমিনীকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।হরতালের প্রতিবাদে গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করে আওয়ামী ওলামা লীগ। সভায় বক্তারা বলেন, ফজলুল হক আমিনী নারী অধিকার হরণ করার চেষ্টা করছেন। পবিত্র কোরআনকে ব্যবহার করে কোটি কোটি মুসলমানকে ধোঁকা দিচ্ছেন। কোরআনের অবমাননা করছেন। সমাবেশ থেকে এ জন্য তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানানো হয়।আমিনীকে ‘ভণ্ড, প্রতারক ও কোরআন অবমাননাকারী’ আখ্যা দিয়ে তাঁকে নির্বাসনে পাঠানোর দাবি জানিয়েছে ফেৎনা প্রতিরোধ কমিটি। হরতালের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ, মুক্তাঙ্গন, পল্টন, কাকরাইল, নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতা-কর্মীরা। গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি: গতকাল পৃথক বিবৃতিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন সংগঠন হরতালে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছে।এদিকে সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদের সদস্য-সচিব আশরাফ আলী এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার নারীনীতি, শিক্ষানীতি বাতিল না করলে আন্দোলন আরও বেগবান হবে।হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমেদ শফিকে আহ্বায়ক করে দেশের শীর্ষ পর্যায়ের আলেমদের সমন্বয়ে গত মাসে সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ গঠিত হয়। ‘সরকারের ইসলামবিরোধী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে কর্মসূচি নির্ধারণ করতে আগামীকাল বুধবার সংগঠনটির মজলিসে শুরার সভা আহ্বান করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।