'আম্মু, তোমার কী হয়েছে? তুমি ওই ঘরে কেন?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

‘আম্মু, তোমার কী হয়েছে? তুমি ওই ঘরে কেন?’

চার বছর বয়সী ছেলের মুখে এ কথা শুনে আবেগ সংবরণ করতে পারেননি এই নারী চিকিৎসক। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসা কর্মকর্তা ওই নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত। আট দিন ধরে তিনি বাসায় অবস্থান করছেন।

ওই নারী চিকিৎসক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের বহির্বিভাগে করোনার লক্ষণ নিয়ে আসা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রমের সঙ্গে আমি যুক্ত ছিলাম। চিকিৎসা নিতে আসা দুজনের দেহে করোনাভাইরাস ধরা পড়ার পর আমি ১৬ এপ্রিল করোনা শনাক্তের জন্য হাসপাতালে নমুনা দিই। পরের দিন গত ১৭ এপ্রিল রাত ১০ টার দিকে মুঠোফোনে জানতে পারি, আমি করোনাভাইরাসে আক্রান্ত। করোনা পজিটিভ। তখনো আমার চার বছরের ছেলে আমার কোলে ছিল। করোনায় আক্রান্ত হওয়ার পর আমি আমার ছেলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে শুরু করি। তখন আমার ছেলে আমার কাছে বারবার আলাদা ঘরে থাকার কারণ জানতে চায়। আমি এর জবাব দিতে পারিনি।’

দু দিন পর ১৯ এপ্রিল ওই নারী চিকিৎসকের চার বছর বয়সী ছেলে, চিকিৎসক স্বামী ও বাসায় অবস্থান করা ননদের ছেলের করোনাভাইরাস পরীক্ষার জন্য হাসপাতালে নমুনা দেওয়া হয়। স্বামীর দেহে এ ভাইরাসের সংক্রমণ না মিললেও ওই নারীর চার বছর বয়সী ছেলে এবং ননদের ছেলের দেহে করোনা ধরা পড়ে।

ওই নারী চিকিৎসক বলেন, ‘করোনাভাইরাস ধরা পড়ার পর থেকে আমার ছেলে, আমি ও আমার ননদের ছেলে ঘরে অবস্থান করছি। বাসায় চিকিৎসা নিচ্ছি। এখন পর্যন্ত ভালো আছি। তবে আমি আমার ছেলেকে নিয়ে সারাক্ষণ ভয়ে থাকি। আমার খুব দুশ্চিন্তা হয়। আমার ছেলের কিডনিতে সমস্যা আছে। তাকে চারবার অপারেশন করতে হয়েছে। বাস্তবতা হলো, আমার কারণেই তো আমার ছেলে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে।’

চিকিৎসা নেওয়ার ব্যাপারে নারী চিকিৎসক জানান, করোনাভাইরাসে সংক্রমিত মানুষের চিকিৎসা দেওয়ার ব্যাপারে একটা ব্যবস্থাপত্র তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সে অনুযায়ী তাঁরা ওষুধ সেবন করছেন। ব্যবস্থাপত্রে ওষুধের তালিকায় আছে হাইড্রোক্সি-ক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, ভিটামিন সি, ডি ও জিঙ্ক ট্যাবলেট। আর যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে, সে ব্যাপারে সতর্ক রয়েছেন। নিয়মিত পান করছেন কুসুম গরমপানি। আর খাচ্ছেন আদা–চা।

করোনাভাইরাসের প্রতীকী ছবি: রয়টার্স
করোনাভাইরাসের প্রতীকী ছবি: রয়টার্স

এই নারী চিকিৎসক বললেন, তাঁদেরকে এন-৯৫ মাস্ক দেওয়া হয়নি। সার্জিকাল মাস্ক আর পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) পরে চিকিৎসা সেবা দেওয়ার পরও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁর মতো আরও অনেক চিকিৎসক, নার্স প্রতিনিয়ত করোনায় সংক্রমিত হচ্ছেন। তাঁদের কাছ থেকে পরিবারের সদস্যরা সংক্রমিত হচ্ছেন। একজন চিকিৎসক তো এর মধ্যে মারাই গেলেন।

এই নারী চিকিৎসক একা নন, তাঁর মতো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও ২১ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালটির করোনা ইউনিটের সমন্বয়ক অসীম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসাসেবা দিতে গিয়ে আমাদের হাসপাতালের ২২ জন চিকিৎসকসহ সর্বমোট ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিনজন চিকিৎসক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, অন্যরা বাসায় থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। নারায়ণগঞ্জ থেকে এসে দুজন রোগী ভুয়া ঠিকানা দিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকার কথাও তাঁরা গোপন করেন। এতে একই সময় তাঁদের হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স এই ভাইরাসে আক্রান্ত হয়ে যান। তাঁদের চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

মিটফোর্ড হাসপাতালের এক নারী ইন্টার্ন চিকিৎসকের মা–বাবা দুজনই বয়স্ক ও অসুস্থ। ২১ এপ্রিল এই নারী চিকিৎসক জানতে পারেন, তিনি করোনায় সংক্রমিত। এর পর থেকে তিনি হাসপাতালে অবস্থান করছেন।

ওই নারী ইন্টার্ন চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসাসেবার দায়িত্ব পালন করছিলাম সেদিন। একজন রোগী নিজের করোনার উপসর্গ থাকার কথা লুকিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে ওই রোগীর করোনা পজিটিভ আসে। এই সংবাদ পাওয়ার পর আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমার কাছ থেকে বৃদ্ধ বাবা-মাও করোনায় আক্রান্ত হয়েছেন কি না? পরে বাবা-মায়ের করোনা শনাক্তের পরীক্ষা করাই। অবশ্য বাবা-মায়ের কারও করোনা পজিটিভ আসেনি। বাবা-মায়ের কথা চিন্তা করে আমি বাসায় না গিয়ে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছি।’

মিটফোর্ড হাসপাতালের ফাইল ছবি
মিটফোর্ড হাসপাতালের ফাইল ছবি

নারী ইন্টার্ন চিকিৎসক জানান, শরীরে অল্প তাপমাত্রা আছে। কাশি নেই। নেই শ্বাসকষ্টও। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপত্র অনুযায়ী তিনি ওষুধ সেবন করে যাচ্ছেন।

মিটফোর্ড হাসপাতালের আরেকজন নারী ইন্টার্ন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন বাসায় অবস্থান করছেন।

ওই নারী ইন্টার্ন চিকিৎসক বলেন, 'হাসপাতালের অপারেশন থিয়েটারে সেদিনি ডিউটি ছিল। নারায়ণগঞ্জ থেকে আসা একজন রোগী করোনার লক্ষণ গোপন করে হাসপাতালে ভর্তি হন। তাঁর অপারেশন করা হয়। পরে ওই রোগীর দেহে করোনাভাইরাস ধরা পড়ে। সেদিন যাঁরা সেখানে দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের করোনা শনাক্তের পরীক্ষা হয়। এর মধ্যে কয়েকজনের চিকিৎসকের দেহে করোনাভাইরাস ধরা পড়ে। আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হই।'

তরুণ নারী ইন্টার্ন চিকিৎসক বললেন, ‘করোনায় আক্রান্ত হয়ে আমি এখন বোনের বাসায় আছি। আইসোলেশনে আছি। আমাদের হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপত্র অনুযায়ী নিয়ম অনুযায়ী ওষুধ সেবন করছি। হাসপাতালের স্যাররা সব সময় আমার খোঁজ-খবর নিচ্ছেন।’