আর কেউ উদ্ধার হয়নি, অভিযানের সমাপ্তি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে ঝিলে টিন-কাঠের তৈরি বাড়ি দেবে যাওয়ার ঘটনায় আর কেউ উদ্ধার হয়নি। গতকাল শনিবার দুপুরে উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
গত বুধবার বিকেলে মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদের কাছে বেগের বাড়িসংলগ্ন ঝিলের ওপর গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ টিনের একটি দোতলা বাড়ি দেবে শিশু-নারীসহ ১২ জনের মৃত্যু হয়।
মালিবাগ চৌধুরীপাড়া ও রামপুরার বউবাজারের মধ্যবর্তী স্থানে এই বিশাল ঝিলের অবস্থান। ঘটনার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নিয়ে বুধবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এ বি এম নুরুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ডুবুরিরা তিন দিন তল্লাশি করে পানিতে দেবে যাওয়া বাড়ির বাসিন্দাদের মালপত্র পেলেও সেখানে মানুষের সন্ধান পাননি। তা ছাড়া এই কয় দিনে নিখোঁজ আছে—এমন দাবিও করেনি কেউ। এ কারণে গতকাল দুপুরে উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হয়।
১২ জনের প্রাণহানির ঘটনায় বাড়ির মালিক যুবলীগ নেতা মনির হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা হলেও তিন দিনেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। এলাকাবাসীর অভিযোগ, মনির চৌধুরীর কারণে ১২ জনের প্রাণ গেলেও ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় পুলিশ তাঁকে ধরছে না।
রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ঘটনার পর থেকে মনির চৌধুরী পলাতক।
গতকাল প্রথম আলোতে ‘ঝিলে প্রভাবশালীদের ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি’ শীর্ষক প্রতিবেদনের একটি অংশের ব্যাখা দিয়েছেন ফটোসাংবাদিক মো. লুৎফর রহমান বীনু। তিনি বলেন, ঝিলপাড়ে তাঁদের পৈতৃক জমি রয়েছে। জমির কিছু অংশ ভরাট করে এতে স্থাপনা করা হয়। পরে তা ভাড়া দেওয়া হয়েছে।