আরও একজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের সাবেক শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেনের পরিচয় নিশ্চিত হতে গতকাল আরও একজনের সাক্ষ্য নিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক নিহত এই শিক্ষকের ধর্ম পরিবর্তন ও বিয়ের হলফনামার নোটারি পাবলিক নাসিরুজ্জামানের জবানবন্দি নিয়েছেন। শিক্ষক চন্দন কুমার চক্রবর্তীকে স্বামী দাবি করে দুই ধর্মের দুই স্ত্রী তাঁর লাশ চেয়ে আদালতে আবেদন করেন। এতে শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেনের পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় খিলগাঁও থানার পুলিশ তাঁর লাশ হস্তান্তর করতে পারছে না।শিক্ষক চন্দন কুমারের প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী গতকাল দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবিদার আকলিমা আকতারের জাতীয় পরিচয়পত্র দাখিল করতে এবং ধর্ম পরিবর্তনের হলফনামা স্ট্যাম্প সরবরাহকারী ট্রেজারি কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, হলফনামায় থাকা সইয়ের সঙ্গে বিয়ের কাবিননামার সইয়ের মিল নেই। আকলিমা আকতার ২০০৭ সালে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে নিজেকে অবিবাহিতা হিসেবে উল্লেখ করেছেন। এ কারণে তা আদালতে দাখিল করা প্রয়োজন। তিথির এই আবেদনের বিষয়ে গতকাল বিকেল পর্যন্ত কোনো আদেশ দেননি আদালত। শিক্ষক চন্দন কুমার গত ২৫ ডিসেম্বর রাতে খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। এরপর তাঁর দুই স্ত্রীই লাশ দাবি করেন। বিষয়টির মীমাংসা না হওয়ায় দুই সপ্তাহ ধরে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। এর আগে শিক্ষক চন্দনের স্ত্রী হিসেবে আকলিমা আকতার আদালতকে বলেন, নিহত চন্দন ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁকে বিয়ে করেছেন। হাকিম এনামুল হক নিহত চন্দনের ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়ের বিষয় নিশ্চিত হওয়ার জন্য নিকাহনামা দেখাতে আদেশ দেন। যে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে হয়েছে এবং ধর্ম পরিবর্তন করা হয়েছে, গতকাল তাঁর সাক্ষ্য নেওয়া হয়। বিয়ে রেজিস্টার লিপিবদ্ধকারী ও বিয়ে পড়িয়েছেন যে ইমাম তাঁকেও সাক্ষ্য দিতে আদালতে ডাকা হয়েছে।নিহত চন্দন কুমারের প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন। ওই মামলায় আদালত সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।