আরও দুই মামলায় জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর
আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর আরও দুটি মামলায় জামিন পেয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের সহকারী কমিশনার (এসি) ফরিদ আহমেদ।
পুলিশ কর্মকর্তা ফরিদ আহমেদ জানান, গুলশান থানার বিদেশি মদ উদ্ধার এবং পল্লবী থানার প্রতারণাসংক্রান্ত পৃথক দুটি মামলায় আদালত আসামি হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন।
গত ১৭ আগস্ট পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হেলেনা জাহাঙ্গীর এখন গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে আছেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে গত ২৯ জুলাই হেলেনা জাহাঙ্গীর গ্রেপ্তার হন। তাঁর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, ওয়াকিটকি ও বিদেশি চাকু উদ্ধার করা হয়।
হেলেনা জাহাঙ্গীর আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠন করে আলোচনায় আসেন।