আরও ১০টি হজ এজেন্সির সনদ বাতিল
হজের নামে সৌদি আরবে লোক পাচার, প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের কারণে ১০টি হজ এজেন্সির সনদ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এ কথা জানান।এজেন্সিগুলো হলো—আরএইচ মজুমদার ট্রাভেলস, শাহীন ট্রাভেলস ইন্টারন্যাশনাল, লিবার্টি ট্রাভেলস, আরএস ট্রাভেলস ইন্টারন্যাশনাল, গুড উইল এভিয়েশন সার্ভিস, জীবন ট্রাভেলস লি., সাদমান এয়ার সার্ভিস, সাদ এয়ার ইন্টারন্যাশনাল, স্মার্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেল ও কার্নিভাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২৮টি এজেন্সির বিরুদ্ধে হজ-সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছিল। এর মধ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে ১২২টি এজেন্সিকে। ৬১টি এজেন্সিকে আর্থিক জরিমানা করা হয়েছে। এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিত ও জরিমানা করা হয়েছে ২৯টি হজ এজেন্সিকে। লাইসেন্স বাতিল করা হয়েছে ১৮টি এজেন্সির। আর সতর্ক করা হয়েছে ছয়টিকে। গত বছর ৩১৩টি হজ এজেন্সি প্রায় ৯১ হাজার হজযাত্রী পাঠালেও এক হাজার ৭৩৮ জন হজযাত্রী ফেরত আসেননি।