আরমানিটোলা পশুর হাটে ‘অবরুদ্ধ’ মিটফোর্ডের রোগী ও বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আরমানিটোলা পশুর হাটটি এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাটের পরিধি আরমানিটোলা মাঠ ছাড়িয়ে সড়ক ও অলিগলিতে বিস্তার লাভ করায় আশপাশের বাসিন্দা এবং মিটফোর্ড হাসপাতালে আসা রোগী ও স্বজনদের দুর্ভোগের শেষ নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরমানিটোলা খেলার মাঠে ঢাকা সিটি করপোরেশন ২০০৪ সাল থেকে অস্থায়ী পশুর হাটের ইজারা দিচ্ছে। অথচ আরমানিটোলা মাঠটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নিজস্ব খেলার মাঠ। এ মাঠে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা ঈদের নামাজ আদায় করে আসছেন। হাটের কারণে গত কয়েক বছর ধরে জামাত করা যাচ্ছে না।সামসাবাদ-বাগডাসা ছোট জামে মসজিদের সভাপতি আবদুল হাই ঐতিহাসিক এই মাঠে পশুর হাট না বসানোর জন্য কলেজ অধ্যক্ষের কাছে কয়েক দফা চিঠিও দেন বলে জানা গেছে। চিঠিতে তিনি উল্লেখ করেন, ২০০৪ সাল থেকে আরমানিটোলা মাঠে পশুর হাট বসানো হচ্ছে। এখানে ঈদের জামাত না হওয়ায় মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। অনেকের মনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পক্ষ থেকেও খেলার মাঠটি পশুর হাটের আওতামুক্ত রাখতে ডিসিসি মেয়রের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ চিঠিতে উল্লেখ্য করে, আরমানিটোলা মাঠটি সলিমুল্লাহ মেডিকেল কলেজের নিজস্ব একটি ঐতিহাসিক মাঠ। প্রতিবছর এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ঈদের জামাত আদায় করে। তাই ওই মাঠের পবিত্রতা রক্ষা করা প্রয়োজন। মাঠ পশুর হাটের আওতামুক্ত রাখতে মেয়রকে অনুরোধ করা হয়।মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, সড়ক দখল করে পৃথিবীর কোথাও হাট বসে না। কিন্তু এ দেশে সম্ভব। বিষয়টি পুলিশ ও সংশ্লিষ্টদের জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এ প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, মিটফোর্ড হাসপাতালের ফটকের ভেতরে গরু ঢুকে যাওয়ার বিষয়টি সেখান থেকে জানানোর পর পুলিশ পাঠানো হয়েছে। হাট নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত কোনো পুলিশ দেওয়া হয়নি। তাই থানা পুলিশের পক্ষে হাট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গত দুই দিনে কয়েক বার হাটে বোমা হামলার ঘটনা ঘটে। কারা, কী উদ্দেশ্যে করছে, তা এখনো জানা যাচ্ছে না।বাবুবাজারের বাসিন্দা মোহাম্মদ নাঈম বলেন, ‘আমরা অবরুদ্ধ হয়ে আছি, কোথাও বের হতে পারছি না।’ গত এক সপ্তাহ ধরে এলাকার বাসিন্দারা বন্দীজীবন কাটাচ্ছে। তিনি আরও বলেন, গত রোববার বিকেলে পায়ে আঘাতপ্রাপ্ত হন এক বৃদ্ধ। আশপাশের লোকজন তাঁকে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পশুর হাটের কারণে বৃদ্ধকে হাসপাতালে নেওয়া খুবই কষ্টকর হয়।বাবুবাজারের আরেক বাসিন্দা জাকির হোসেন জানান, হাট আশপাশের অলিগলি পর্যন্ত বিস্তার লাভ করেছে। এখানে রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, ডিসিসি পরিচালিত ঢাকা মহানগর জেনারেল হাসপাতালসহ বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল। এলাকার বাসিন্দারা কেউ হঠাৎ হূদরোগে কিংবা অন্য কোনো দুর্ঘটনায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া কোনোমতেই সম্ভব হবে না।হাটের পরিধি বেড়ে যাওয়া ও লোকজনের দুর্ভোগের ব্যাপারে জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা প্রথম আলোকে বলেন, আরমানিটোলা পশুর হাটটি নদীর ওপারে কেরানীগঞ্জে বসানোর জন্য ঢাকা জেলা প্রশাসককে বলা হয়েছিল। তিনি বলেন, একসময় কারওয়ানবাজারে হাট বসত, বর্তমানে তা নেই। লোকজনের চলাচলে প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সে জন্য র‌্যাব ও পুলিশকে বলা হয়েছে। আরমানিটোলা মাঠটি সলিমুল্লাহ মেডিকেল কলেজের সম্পত্তি। সেখানে ডিসিসির হাটের ইজারা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মাঠে খেলাধুলা থাকলে হাট বসানো হতো না।