আরমানিটোলা মাঠের চারপাশে অবৈধ ট্রাকস্ট্যান্ড
পুরান ঢাকার আরমানিটোলা মাঠের চারপাশের রাস্তা দখল করে অবৈধ ট্রাক-পিকআপ স্ট্যান্ড ও ট্রান্সপোর্ট এজেন্সি গড়ে ওঠায় এলাকায় সার্বক্ষণিক যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে স্থানীয় লোকজনের ভোগান্তির শেষ নেই। এখানে যানবাহন থেকে পুলিশ নিয়মিত চাঁদা আদায় করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, মাঠের পশ্চিম পাশের রাস্তায় দুই সারিতে ট্রাক ও পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছে। মাঠের উত্তর পাশে পিকআপ ভ্যান ও ট্রান্সপোর্টের মালামাল, দক্ষিণ-পূর্ব পাশে ও বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু ঘেঁষে ট্রাক-পিকআপ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এ ছাড়া মাঠের পূর্ব-দক্ষিণ পাশে ফুটপাত দখল করে অসংখ্য টংঘর গড়ে উঠেছে। ফলে এই রাস্তা দিয়ে সাধারণ যানবাহন সহজে চলাচল করতে পারে না। বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, মাঠের পশ্চিম পাশে রাস্তা দখল করে ট্রাক ও পিকআপ স্ট্যান্ড গড়ে তোলায় তাঁদের ভোগান্তির শেষ নেই। রাস্তাটি সার্বক্ষণিক যানজটে আটকা থাকে। এক মিনিটের রাস্তা পার হতে কখনো এক ঘণ্টা লেগে যায়। স্থানীয় লোকজন ট্রাক ও পিকআপ স্ট্যান্ডের কাছে জিম্মি হয়ে পড়েছে। মিটফোর্ড হাসপাতালের রোগীবাহী অ্যাম্বুলেন্স প্রায়ই তীব্র জটে আটকা পড়ে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাবুবাজার, মিটফোর্ড রোড, ইসলামপুর রোড, আরমানিটোলা, নয়াবাজার, জিন্দাবাহার, ইমামগঞ্জ, চক মোগলটুলী ও চকবাজারসহ আশপাশের এলাকা ব্যবসাকেন্দ্রিক। এখানে দেশের বৃহত্তর চাল, ওষুধ, কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি, কাচ ও আয়না, কাপড়, কাগজ, ক্রোকারিজসহ নানা ধরনের পণ্যের মার্কেট রয়েছে। এখান থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের লোকজন পাইকারি মাল নিতে আসে। কিন্তু তীব্র যানজটের কারণে এখন এখানে পাইকারি ব্যবসায়ীরা আসতে চান না।নয়াবাজারের ব্যবসায়ীরা জানান, তীব্র যানজটের কারণে মালামালবোঝাই রিকশা-ভ্যান নেশাখোরেরা আটক করে। যানজটের কারণে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ট্রাকচালক নেতা আবুল কাশেম প্রথম আলোকে বলেন, রাস্তায় যাতে যানজট না হয়, সে জন্য দুজন লাইনম্যান রাখা হয়েছে। পুলিশকে টাকা দেওয়া হয় কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মালিক সমিতি কাকে কীভাবে ম্যানেজ করে গাড়ি রাখছে, তা জানি না।’যানজটমুক্ত রাখার কাজে নিয়োজিত চালকদের লাইনম্যান মোহাম্মদ সেন্টু জানান, রাস্তায় গাড়ি রাখতে নিষেধ করায় প্রায়ই অনেক চালক তাঁর ওপর ক্ষুব্ধ হন।গতকাল বিকেলে দেখা যায়, রাস্তা দখল করে শতাধিক পিকআপ ভ্যান রাখা হয়েছে। মাঠের উত্তর-পশ্চিম কোণে মালামাল পাহারা দিচ্ছিলেন কুমিল্লা ট্রান্সপোর্টের পাহারাদার খোকন। খোকন জানান, রাত নয়টার পর তাঁদের মালামাল গাড়িতে তোলা হয়। যানজটের জন্য তাঁরা দায়ী নন। এ জন্য ট্রাক ও পিকআপ ভ্যান দায়ী।জানা গেছে, বাবুবাজার নদীর পাড়, আরমানিটোলা মাঠের পূর্ব-দক্ষিণ পাশের ফুটপাত ও গাড়ির স্ট্যান্ড থেকে পুলিশ প্রতি সপ্তাহে টাকা আদায় করছে। এ ছাড়া কাচ ও আয়না মার্কেটের সামনে ট্রাক পার্ক করানোয় তাঁদের প্রতিদিন ১২০ থেকে ১৪০ টাকা চাঁদা দিতে হয়।মহানগর ট্রাফিক (দক্ষিণ) বিভাগের পুলিশের উপকমিশনার আকরাম হোসেন বলেন, ট্রান্সপোর্ট কোম্পানির মালামাল ওঠানো-নামানোর কারণে যানজট থাকে। পুলিশের টাকা আদায়ের ব্যাপারে তিনি বলেন, ঘটনাটি অস্বাভাবিক নয়।