চা-দোকানি বাবুল মাতবরকে জ্বলন্ত চুলায় ফেলে পুড়িয়ে মারার ঘটনায় মিরপুরের শাহ আলী থানার তৎকালীন ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে পুলিশেরই আরেকটি তদন্ত কমিটি। কমিটি এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে।
পুলিশের মিরপুর বিভাগ গঠিত কমিটি এই তদন্ত করে। গতকাল মঙ্গলবার কমিটি মিরপুর বিভাগের উপকমিশনারের (ডিসি) কাছে এই প্রতিবেদন জমা দেয়। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল, উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান খান ও নিয়াজউদ্দিন মোল্লা, এএসআই দেবেন্দ্র নাথ এবং কনস্টেবল জসিমউদ্দিন। মমিনুর, নিয়াজউদ্দিন ও দেবেন্দ্র নাথকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত এবং এ কে এম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।
একই ঘটনায় গত রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের কমিটিও ওই পাঁচ পুলিশ সদস্যকে অভিযুক্ত করে ডিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল। ওই প্রতিবেদনেও তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
গত বুধবার রাতে মিরপুর চিড়িয়াখানা লেকের পাড়ে পুলিশের উপস্থিতিতে চা-দোকানি বাবুল মাতবরকে মারধর ও কেরোসিনের চুলার ওপর ফেলে দিয়ে দগ্ধ করার অভিযোগ ওঠে। পরদিন বৃহস্পতিবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। এ ঘটনায় পুলিশ দুটি তদন্ত কমিটি গঠন করে।
পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ আহমদ খানকে প্রধান করে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি গতকাল বিকেলে ডিসির কাছে প্রতিবেদন দেয়। ডিসি কাইয়ুমুজ্জামান খান তদন্ত প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিটি ওই পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থলের অদূরে শাহ আলী থানার এসআই মমিনুর, এএসআই দেবেন্দ্র নাথ ও কনস্টেবল জসিমউদ্দিন উপস্থিত ছিলেন। কিন্তু তাঁরা বাবুলকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেননি। ঘটনার সময় নিয়াজউদ্দিন শাহ আলী থানার কর্তব্যরত কর্মকর্তার (ডিউটি অফিসার) দায়িত্বে ছিলেন। বাবুলের ওপর হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি পুলিশের সোর্স আইয়ুব আলী থানা হেফাজত থেকে পালিয়েও যান। নিয়ম অনুযায়ী আসামিকে থানা হাজতে রাখার কথা থাকলেও তিনি তা না করে তাঁকে তাঁর সামনের চেয়ারে বসিয়ে রাখেন। ওসি শাহীন মণ্ডল উদ্ভূত পরিস্থিতি প্রশমনে পদক্ষেপ নেননি। এ ক্ষেত্রে ওই পাঁচ সদস্য দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতি করেছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এসআই মমিনুর ও নিয়াজউদ্দিন, এএসআই দেবেন্দ্র নাথ ও কনস্টেবল জসিমউদ্দিন অপেশাদারি এবং অদক্ষতা দেখিয়েছেন। তাই তদন্ত কমিটি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
ওই ঘটনায় বুধবার গভীর রাতে বাবুলের মেয়ে রোকসানা বেগমকে বাদী করে পুলিশ শাহ আলী থানায় একটি মামলা নেয়। মামলাটি বর্তমানে তদন্ত করছে ডিবি পুলিশ।