আরেকটু আদর চায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের অনামিকা থাকে আজিমপুরের ছোটমণি নিবাসে। যে বয়সে মা-বাবার সংসার আলো করে রাখার কথা, সে বয়সে তার ঠাঁই হয়েছে অনাকাঙ্ক্ষিত শিশুদের শেষ আশ্রয় এ নিবাসে। ‘এই মেয়েটাকে কেউ নিয়ে লালন-পালন করলে আল্লাহ তার ভালো করবে’—এ কথা লিখে গত ১ নভেম্বর প্রতিবন্ধী অনামিকাকে এক হাসপাতালে ফেলে গিয়েছিলেন বাবা।জন্মের দেড় ঘণ্টা এমনকি ১০ মিনিটের মাথায় ফেলে যাওয়া নবজাতকও আছে আজিমপুর ছোটমণি নিবাসে। সংখ্যায় তারাই বেশি। আরও আছে হারিয়ে যাওয়া বা অনামিকার মতো দুর্ভাগা শিশুরা। এই অবোধ শিশুদের মায়ের আদরে লালন করেন এখানকার কর্মীরা। কিন্তু একদল শিশুকে সুষ্ঠুভাবে বড় করে তোলার জন্য অকাতর মাতৃস্নেহই যে যথেষ্ট নয়, প্রতিনিয়ত সে উপলব্ধির সম্মুখীন হয় নিবাস কর্তৃপক্ষ। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত আশ্রয়কেন্দ্র আজিমপুর ছোটমণি নিবাসে কাগজে-কলমে ১০০টি শিশুর থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু এখানে ২৫টির বেশি শিশুকে রাখা সম্ভব নয় বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমানে এক মাস বয়স থেকে শুরু করে সাত বছর বয়সের ২৭টি শিশু এখানে থাকছে। চিকিৎসকসহ জনবল ও তহবিলের অভাবে কাঙ্ক্ষিত সেবা ও সুযোগ-সুবিধা দেওয়া যাচ্ছে না এ শিশুদের।আজিমপুর ছোটমণি নিবাস প্রতিষ্ঠিত হয় ১৯৬২ সালে। এটি ছিল এ ধরনের প্রথম আশ্রয়কেন্দ্র। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও পাঁচটি নিবাস করা হয়েছে।শুরুই অবহেলায়: এই নিবাসের বেশির ভাগ শিশুরই জন্ম শুরু হয় অবহেলার মধ্য দিয়ে। কারও দায়িত্বজ্ঞানহীনতা বা ভুলের ফসল হাসপাতাল কিংবা ডাস্টবিনে ফেলে যাওয়া অনাকাঙ্ক্ষিত এ নবজাতকদের জায়গা হয় ছোটমণি নিবাসে। এখানে আসার পর তাদের নাম রাখা হয়। ফুটফুটে শিশু সুমন আজিমপুর নিবাসে এসেছে জন্মের ছয় দিনের মাথায়। সুমন জানে নিবাসের মেট্রন মঞ্জুরী মঞ্জুই তার মা। কারণ মঞ্জুরীর পরিবারেই থাকে সে। নিবাসের অন্য শিশুদের তুলনায় সুমন অনেক ভাগ্যবান। ভালো জামা-কাপড়, মায়ের আদর, বায়না করা সবই সে পাচ্ছে। কিন্তু মঞ্জুরী বদলি হয়ে গেলে তার অবস্থাও হবে আর দশটি শিশুর মতোই।ছোটমণি নিবাসে হারিয়ে যাওয়া শিশুর সংখ্যা কম। নিবাসে নতুন কোনো শিশু এলে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়াসহ বিভিন্ন উপায়ে তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা করা হয়। কিন্তু এ ধরনের প্রচার চালানোর জন্য বরাদ্দ বা জনবল নেই। ফলে এ কাজেও ঘাটতি থেকে যায়।চিকিৎসক নেই: নিবাসের শিশুদের দেখার জন্য খণ্ডকালীন একটি চিকিৎসকের পদ আছে। আজিমপুর নিবাসের চিকিৎসক তিন বছর আগে মারা যান। এর পর থেকে এখানে চিকিৎসকের পদটি শূন্য। নিবাস কর্তৃপক্ষ জানায়, একজন চিকিৎসক দেওয়ার জন্য অনেক লেখালেখি হয়েছে। তবে খণ্ডকালীন পদটির সম্মানী ভাতা মাত্র দুই হাজার টাকা বলে কেউ এ পদে যোগ দিতে উৎসাহ দেখান না। প্রসঙ্গত, এই শিশুদের জন্য চিকিৎসা খাতে মাসিক বরাদ্দ ১৪০ টাকা করে।জনবলস্বল্পতা: এ নিবাসের ১৪ জন কর্মচারীর মধ্যে আয়া ও পিয়নসহ চারটি পদ খালি। রাত ও দিনে মাত্র দুজন আয়া ২৭টি শিশুর দেখভাল করছেন। শিশুদের মলিন চেহারা আর ময়লা পোশাকই বলে দেয় এরা খুব একটা যত্ন পায় না।নিবাসের উপতত্ত্বাবধায়ক নাজমুন নাহার প্রথম আলোকে বলেন, ‘লোকের বাসায় একটি বাচ্চাকে দেখার জন্য একজন আয়া এমনকি সামর্থ্য থাকলে একাধিক লোক রাখা হয়। আর এখানে ২৭টি শিশুর জন্য আছে দুজন। এটি প্রয়োজনের তুলনায় খুবই কম।’এ ছাড়া নিবাসে বাবুর্চি ও সুইপারের কোনো পদই নেই। নিবাসভবনে সমাজসেবা অধিদপ্তরের আরও কয়েকটি কার্যক্রম চলে। মূল গেটে দিনের বেলায় সার্বক্ষণিক কোনো দারোয়ান নেই। ফলে শিশুদের হারিয়ে যাওয়ারও আশঙ্কা থাকে। লোক কম বলে দুই জন শিক্ষককেও শিশুদের তদারকি করতে হয়। সীমিত বরাদ্দ: নিবাসের শিশুদের জন্য খাবার, পোশাক, তেল, সাবানসহ মাসিক বরাদ্দ এক হাজার ৫০০ টাকা। এর বাইরে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে দেওয়া অনুদান নেওয়া হয়। চকলেট, পাউরুটি বা বিস্কুটের মতো সামান্য একটু বাড়তি খাবারের জন্যও অনুদানের ওপর নির্ভর করতে হয়। খেলনা ছাড়া একটি শিশুর কথা ভাবা না গেলেও এখানকার হতভাগ্য শিশুদের জন্য খেলনা কেনার বরাদ্দ পর্যন্ত নেই।ওরা যেভাবে হারিয়ে যায়: সাত বছর পর্যন্ত শিশুরা ছোটমণি নিবাসে থাকার সুযোগ পায়। তারপর তাদের সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবারগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তারা ১৮ বছর বয়স পর্যন্ত থাকে। শিশু পরিবারে থাকে এতিমরা। ছোটমণি নিবাস থেকে সেখানে যাওয়া শিশুরা এক ধরনের বৈষম্যের শিকার হয়। অন্য শিশুদের (এতিম) অভিভাবকেরা দেখা করতে আসেন। কিন্তু ছোটমণির শিশুদের কোনো অভিভাবক নেই। আর ১৮ বছরের পর অনেকেই হারিয়ে যায়। ছোটমণি নিবাসের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, কেউ কেউ বিভিন্ন কাজে যুক্ত হয়। সমাজসেবা দপ্তরের সহায়তায় মেয়েদের বিয়ে দেওয়া হয়। যৌতুক ও পরিচয়হীন হওয়ায় অনেক বিয়েই শেষ পর্যন্ত টেকে না। তারপর কী হয় সে খবর কেউ রাখে না।