আর্মেনীয় গির্জা, ১৭৮১

নানা কসরত করে শেষ পর্যন্ত কলবেলটার নাগাল পাওয়া গেল। সাদা-সোনালি রঙের মূল ফটকটির আকার-নকশা এই দেশি চোখে ঠিক পরিচিত ঠেকে না। বাঁ দিকের দেয়ালে নামফলকে ইংরেজিতে লেখা: আর্মেনিয়ান চার্চ, ১৭৮১।
একসময় দরজা খুলল। ভেতরে দাঁড়াতেই বোঝা গেল, দরজার এপার-ওপার দুই পৃথিবী। পুরান ঢাকার আর্মানিটোলার ভিড়-হইচই, ময়লা আর রাসায়নিক পদার্থের ঝাঁজালো গন্ধ এপারে আসে না।
লুঙ্গি-গেঞ্জি পরা একজন মধ্যবয়স্ক লোক এগিয়ে এলেন। ইনিই শংকর ঘোষ। আর্মেনীয় গির্জা ও কবরস্থানের দেখভালকারী। ৩২ বছর ধরে এ দায়িত্বে আছেন। গির্জা-পালক (ওয়ার্ডেন) আর্মেন আর্সেলিয়ানের অনুপস্থিতিতে শংকর একাই পুরোটা আগলে রাখেন।
আরমানিটোলার এই গির্জাটি ঢাকার একমাত্র আর্মেনীয় স্থাপনা। মুনতাসীর মামুন ঢাকা স্মৃতি-বিস্মৃতির নগরীতে বলেছেন, গির্জা তৈরির আগে এখানে একটা ছোট উপাসনালয় ছিল। আর এর চারপাশে ছিল আর্মেনীয়দের সমাধিস্থল। পরে ১৭৮১ সালে বড় করে গির্জা তৈরির সময় ছয়টি কবরও উপাসনাঘরের ভেতরে পড়ে যায়।
আর্মেনীয় গির্জায় এখন আর প্রার্থনাসভা বসে না। তাই সমাধিভূমি ঘিরেই শংকরের মূল ব্যস্ততা।

শংকর ঘুরিয়ে দেখান পুরো সমাধিভূমি। ‘এটা পোগজ স্কুলের পোগজ সাহেবের কবর।’ ‘ওইটা গ্রেগরি সাহেবের কবর। উনি ওই সময়ে ঢাকার সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন।’ এই পোগজ সাহেবের পুরো নাম এন পি পোগজ। ঢাকার প্রথম মিউনিসিপ্যাল কমিটির এ কমিশনার ১৮৪৮ সালে পোগজ স্কুল প্রতিষ্ঠা করেন। আর এভিয়েটর গ্রেগরির সমাধির এপিটাফে লেখা আছে, ১০৮ বছর বয়সে মারা যান তিনি।
পুরোনো কবরের এপিটাফগুলো সব মেঝেতে বিছানো। নতুন কিছু সমাধি মাটি থেকে ৬-৭ ইঞ্চি উঁচুতে। সমাধিগুলোর এপিটাফের ভাষা আর্মেনীয় ও ইংরেজি।
দেখতে দেখতে কিছু এপিটাফের লেখায় চোখ আটকে যায়। ১৯২৯ সালে ২৪ বছর বয়সে মারা যাওয়া ম্যাক এস ম্যাকারটিকের এপিটাফে তাঁর বাগদত্তার পক্ষ থেকে লেখা আছে, ‘খুব ভালোবাসতাম বলেই তাকে এতটা মনে পড়ে। আমার স্মৃতিতে সে খুব দূরের কেউ নয়। অজস্র বোবা কান্নায় এখনো তাকে ভালোবাসি, মনে করি, কাছে পেতে চাই।’
১৮৭৪ সালে মাত্র তিন বছর বয়সে মারা গেছে কন্সট্যান্স পিটারস। তাঁর এপিটাফের ভাষাও কেমন নাড়া দিয়ে যায়, ‘আমার জন্য কেঁদো না তোমরা, কেন শোক করো আর/আমিতো হারিয়ে যাইনি, শুধু একটু আগে চলে গেছি।’
সামাজিক-ইতিহাসবিদ ও স্থপতি শামীম আমিনুর রহমানের ঢাকায় ইউরোপীয়দের সমাধিভূমি: জানা-অজানা নিবন্ধ থেকে জানা যায়, আর্মেনীয়রা ব্যবসার উদ্দেশ্যে আঠারো শতকের দিকে ঢাকায় আসতে শুরু করে। লবণ-চামড়া-কাপড় আর পাটের ব্যবসা করে আর জমিদারি কিনে অল্প সময়েই তারা ঢাকার একটি প্রভাবশালী গোষ্ঠী হয়ে ওঠে। যে অঞ্চলে আর্মেনীয়রা বসবাস করতে শুরু করে তার নাম হয়ে যায় আর্মানিটোলা। তারপর কোম্পানি আমলের শেষ দিকে এসে ব্যবসা পড়তে শুরু করে। আর পাকিস্তান আমলে ঢাকায় আর্মেনীয়দের বাস প্রায় উঠে যায়। ১৯৯১ সালে নারায়ণগঞ্জের বাসিন্দা নেফিয়েট স্টেফানের মৃত্যুর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে আর্মেনীয়দের সম্পর্কের শেষ সূত্রটিও হারিয়ে যায়।
শামীম আমিনুর রহমান বলেন, অন্য বিদেশি বণিক গোষ্ঠীর মতো আর্মেনীয়রা নিজেদের আলাদা করে রাখেনি। স্থানীয় জনগণের সঙ্গে সামাজিক মেলামেশার চল ছিল আর্মেনীয়দের মধ্যে।