বাংলাদেশ এখন পানির দিক থেকেই অনেক বিপদে রয়েছে। আর্সেনিকের কারণে মাটি ও মানুষ দুই-ই বিপন্ন হয়ে পড়েছে। অনেক মানুষ ক্যানসারসহ আর্সেনিকসংক্রান্ত নানা রোগে মারা যাচ্ছে। আর্সেনিক সমস্যা উপেক্ষার পরিণতি হবে ভয়াবহ।গতকাল বাংলাদেশে নিরাপদ পানীয় জলবিষয়ক সেমিনারে যুক্তরাষ্ট্রের গবেষক রিচার্ড উইলসন এ কথা বলেন। ঢাকা কমিউনিটি হাসপাতাল এই সেমিনারের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বলেন, ‘বাংলাদেশ তাদের এ সমস্যা সমাধানে নিজেরাই উদ্যোগী হলে বিশ্বের সহায়তা পাওয়া সম্ভব হবে।’উইলসন বাংলাদেশে আর্সেনিকদূষণের জন্য গত শতকের ষাটের দশক থেকে অপরিকল্পিতভাবে নলকূপ স্থাপনকে দায়ী করেন। তিনি বলেন, আর্সেনিকের দূষণ থেকে বাঁচতে হলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নদী, বিল, হাওর, পুকুর এবং বৃষ্টির পানির ব্যবহার বাড়াতে হবে। ডিসিএইচের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান বলেন, বাংলাদেশের প্রায় নয় কোটি মানুষ আর্সেনিকদূষণের হুমকির মুখে। ডিসিএইচের নিজস্ব সমীক্ষা বলছে, দেশে ৪০ থেকে ৬০ হাজার আর্সেনিকোসিস রোগী রয়েছে। আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক মাহমুদর রহমান।