আলিয়া মাদ্রাসা–সংলগ্ন মাঠ জনগণের জন্য উন্মুক্ত হবে
বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার–সংলগ্ন মাঠে পিলখানা হত্যাযজ্ঞের বিচারের জন্য অস্থায়ী আদালত স্থাপন করা হয়েছিল। পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার বিচারকার্যও এই মাঠে স্থাপিত আদালতে পরিচালনা করা হয়। এরপর মাঠটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ঘোষণা দিয়েছেন, এই মাঠের উন্নয়ন করে তা নান্দনিক খেলার মাঠ হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আজ রোববার সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি এমন ঘোষণা দিয়েছেন। বলেছেন, ‘এই মাঠকে উন্মুক্ত খেলার মাঠ হিসেবে খুলে দেওয়ার জনদাবি রয়েছে। আমি জনগণের সেই দাবির সঙ্গে সহমত পোষণ করছি।’
পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা–সংলগ্ন মাঠ ও পুরোনো কেন্দ্রীয় কারাগার ঘিরে কারা কর্তৃপক্ষের গৃহীত পরিকল্পনার কর্মকাণ্ড সরেজমিন দেখার পর শেখ ফজলে নূর তাপস বলেন, ‘প্রকল্পে কিছু পরিবর্তন আনা সমীচীন হবে। কারণ, মাননীয় প্রধানমন্ত্রী চান, এখানে নান্দনিক পরিবেশ বিরাজ করুক, উন্মুক্ত খেলার মাঠ থাকুক।’
এলাকার জনগণের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়নে এই মাঠ উন্মুক্ত করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘কারা কর্তৃপক্ষ চাইলে তারা এই মাঠের উন্নয়ন করতে পারে, নতুবা আমরা এই মাঠের উন্নয়ন করে এলাকার জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারি। আমাদের প্রধান বিবেচ্য বিষয় হলো, এই এলাকার জনগণ যাতে এই মাঠের সুবিধা গ্রহণ করতে পারে।’
এ সময় পুরোনো কেন্দ্রীয় কারাগার ঘিরে গৃহীত প্রকল্পের অন্যান্য অনুষঙ্গ নিয়ে করা এক প্রশ্নের জবাবে ডিএসসিসির মেয়র বলেন, ‘প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে, যেন আমাদের নতুন প্রজন্ম জানতে পারে, উপলব্ধি করতে পারে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার কী পরিমাণ ত্যাগের মহিমায় এই দেশকে স্বাধীন হয়েছে।’ ডিএসসিসি মেয়র এ সময় প্রকল্পের আওতায় জেলখানা ঘিরে থাকা ইতিহাস-ঐতিহ্যও সংরক্ষণ করা হবে বলে জানান।
পরিদর্শনকালে ডিএসসিসি মেয়রের সঙ্গে ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মোহাম্মদ সেলিম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।