আলোর খোঁজে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি টং ঘর। কয়েকটি ছোট সিঁড়ি দিয়ে ঘরটিতে ঢুকতে হয়। অস্বাভাবিকতার কিছু নেই। কিন্তু টং ঘরটিতে চোখ আটকে যেতে বাধ্য। ঘরের দেয়ালে লাগানো সাইনবোর্ডে বড় করে লেখা ‘আলোর খোঁজে’। আর ছোট ঘরটি থেকে যে আলো বের হচ্ছে, তা থেকে চোখ ফেরানো কঠিন। এ আলো হলো শিশুকণ্ঠের পড়াশোনার আওয়াজ আর তাদের মুখের হাসি।

গত সোমবার দুপুরে অনেকটা কৌতূহল নিয়েই প্রায় অন্ধকার ঘরটিতে ঢুঁ দেওয়া। সেখানে মেঝেতে বস্তা বিছিয়ে শিশুরা মনোযোগ দিয়ে পড়ছে। ঘরে যে একজন আগন্তুক ঢুকেছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। স্বেচ্ছাসেবক একজন শিক্ষার্থী শিশুদের পড়াচ্ছেন। ‘আলোর খোঁজে’ হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের একটি পাঠশালা। এখানে যারা অ, আ পারে না, ওই বয়সী শিশুসহ বাইরের স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ছে যে শিশুরা, তারা পড়ার সুযোগ পাচ্ছে। শিশু শ্রেণির শিক্ষার্থীই বেশি। সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬৫। ছোট এবং একটু বড়দের দুই শিফটে ক্লাস নেওয়া হয়।

 এ পাঠশালার প্রতিষ্ঠাতাদের মতে, এটিকে পাঠশালা না বলে বিনা মূল্যের কোচিং সেন্টারও বলা যায়। এখানে যে শিশুরা আসে, তাদের বেশির ভাগের মা অন্যের বাসায় কাজ করেন। আর তাদের বাবা হয় রিকশা নয়তো ঠেলাগাড়ি চালান। তাঁদের সন্তান বাইরের স্কুলে পড়লেও স্কুল থেকে যে পড়া দিয়ে দেয়, তা দেখিয়ে দেওয়ার কেউ নেই। আবার তাদের কোচিং করারও সামর্থ্য নেই। আলোর খোঁজে পাঠশালায় এসে তারা স্কুলের পড়া তৈরি করার সুযোগটি পায়।

মিরপুরের কমার্স কলেজ রোডে ঝিলপাড় বস্তির কাছে এ পাঠশালা। ছোট ছোট তিনটি ঘরের পার্টিশন খুলে এক করে ঘরের আয়তন বড় করা হয়েছে। এক পাশের দেয়ালে শিশুদের আঁকা ছবি টাঙিয়ে রাখা। ছোট টেবিলে খাতা ও অন্যান্য জিনিস। ঘরটির নিচেই কাঠ ও বাঁশ স্তূপ করে রাখা। পাশেই রিকশা ও ঠেলাগাড়ি ঠিকঠাক করা হয়। ছোট সিঁড়ি দিয়ে উঠে শিশুরা মূলধারার বিদ্যালয়ের মতোই বলছিল—শিক্ষক, ভিতরে আসব?

এ পাঠশালার প্রতিষ্ঠাতা পামেলা ইসলাম ও অমিত কর। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবক তাঁদের সুযোগ-সুবিধামতো এসে শিশুদের পড়ান। এভাবেই ছয় মাস ধরে চলছে পাঠশালাটি। প্রথমে পাঠশালার ক্লাস হতো রাস্তায়। বৃষ্টি ও ঠান্ডায় শিশুদের কষ্টের কথা চিন্তা করে এখন ক্লাস হচ্ছে টং ঘরে।

পামেলা ইসলাম বললেন, তিনি ও অমিত কর একটি সংগঠনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেন। তখনই এই শিশুদের সঙ্গে পরিচয়। কয়েক মাস পরে ওই সংগঠন কাজটি ছেড়ে দেয়। কিন্তু পামেলা ও অমিত তত দিনে শিশুদের সঙ্গে মায়ায় জড়িয়ে গেছেন। নিজেরাই শিশুদের দায়িত্ব নেন। এখন পামেলার পরিবার ও বন্ধুমহল, অমিত করের পরিচিতদের সহায়তায় পাঠশালাটি এক পা দু পা করে সামনের দিকে হাঁটছে।

পামেলা বলেন, বন্ধুবান্ধবই জানতে চায়, পাঠশালার জন্য কী লাগবে। কেউ পেনসিল কিনে দেয়, কেউবা দেয় খাতা। হাতে টাকাপয়সা থাকলে শিশুদের মাঝে মাঝে বিস্কুট ও অন্যান্য কিছু খাবারও দেওয়া হয়। টং ঘরের নিচে অনেক বাবা-মা এসে বলেন, ‘আমার বাচ্চাটারে নেন’, কিন্তু সংগতি নেই বলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

অমিত কর মাস্টার্সের থিসিস জমা দেওয়ার অপেক্ষায় আছেন। তিনি জানালেন, টং ঘরটির মালিক শিশুদের মুখের দিকে তাকিয়ে ঘরের ভাড়া থেকে ৫০০ টাকা মাফ করেছেন। ভাড়া দিতে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা।

অমিত বলেন, ‘মাস শেষে নিজের হাতখরচের টাকা থেকে এক-দেড় হাজার টাকা আলাদা করে বের করা কঠিন কিছু নয়। এই শিশুদের আমরা টিফিন পর্যন্ত দিতে পারি না। আদর পায় বলেই হয়তো প্রতিদিন আসে। এদের মধ্য থেকে পাঁচজনকেও যদি এগিয়ে নিতে পারি, তাই বা কম কি। এদের ভেতর যে আলো আছে, তার খোঁজেই আমরা আছি।’