
চেপে বসেছে উগ্র সাম্প্রদায়িকতার অন্ধকার। মতপ্রকাশের স্বাধীনতাকে শুধু রুদ্ধ করতেই নয়, ধর্মান্ধরা বর্বর হামলা করে হত্যা করছে মুক্তমনা মানুষদেরও। এই অন্ধকারের অপশক্তিকে প্রতিরোধ করার প্রত্যয় ও আহ্বান নিয়ে এবার পয়লা বৈশাখে পথে নামবে মঙ্গল শোভাযাত্রা। মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা থেকে বর্ষবরণ আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’।
বাংলা নববর্ষের অনুষ্ঠানমালায় রাজধানীতে বরাবরই অন্যতম প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এটি বর্ণাঢ্য করে তোলা হয় বাংলার লোক সংস্কৃতির ঐতিহ্যময় বিভিন্ন উপকরণের সংযোজনায়। এর সঙ্গে থাকে সমকালীন ঘটনার প্রেক্ষাপট নিয়ে একটি প্রধান প্রতীক। চারুকলার নবীন শিক্ষার্থী ও শিক্ষকেরা মাস খানেক ধরে দিনরাত খেটে এসব প্রতীক ও বিভিন্ন সাজসরঞ্জাম তৈরি করেন। এই বিপুল কর্মযজ্ঞের অর্থের সংস্থানও হয় এ থেকেই। শিক্ষার্থীদের আঁকা ছবি, চিত্রিত সরা, মুখোশ, কাগজের পাখিসহ বিভিন্ন শিল্পকর্ম বিক্রি করা হয় সুলভ মূল্যে। শিক্ষক ও বিশিষ্ট শিল্পীরাও তাঁদের শিল্পকর্ম দান করেন তহবিল সংগ্রহের জন্য। প্রক্রিয়াটি অনেক বছর ধরেই চলছে বলে সবারই তা জানা। তা ছাড়া পত্রপত্রিকায়, টেলিভিশন চ্যানেলে বর্ষবরণের প্রস্তুতিপর্বের খবরাখবরও প্রচার করা হয় ফলাও করে। ফলে প্রচুর মানুষ আসেন শিক্ষক-শিক্ষার্থীদের তৈরি শিল্পকর্ম কিনতে। এভাবে বর্ষবরণ উৎসবের সঙ্গে তাঁদের গভীর একাত্মতাও সৃষ্টি হয়। আয়োজনটি তখন শুধু চারুকলার আয়োজন থাকে না, সবার আয়োজনে পরিণত হয়। এবারও তার ব্যত্যয় ঘটেনি।
ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমানের ওপর মৌলবাদীদের হামলার ও হত্যার ঘটনাটিই প্রাধান্য পাচ্ছে এবার মঙ্গল শোভাযাত্রায়। প্রধান প্রতীকটি তৈরি হচ্ছে প্রায় কুড়ি ফুট উঁচু। তাতে দেখা যাবে একটি বিশাল হাত গলা টিপে ধরেছে সাধারণ মানুষের। মডেল তৈরি হয়েছে। সেটি সামনে রেখে বাঁশ-কাঠ দিয়ে প্রতীকটি তৈরি করতে ব্যস্ত শিক্ষার্থীর দল। আয়োজনের তদারক করছেন মৃৎশিল্প বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী শাহাবুদ্দিন আহমেদ। তিনি জানালেন, প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য নববর্ষের প্রস্তুতির কাজে হাত লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। অন্য বর্ষের শিক্ষার্থীরাও এতে অংশ নেন আর সার্বিক তদারকের দায়িত্বে থাকেন স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থীরা। শিক্ষকেরা থাকেন পরামর্শকের ভূমিকায়। বরাবরের মতো এবারও অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনকে প্রধান করে বর্ষবরণ উদ্যাপন কমিটি করা হয়েছে। অনুষ্ঠান হবে তিন দিন। বকুলতলায় চৈত্রসংক্রান্তির সন্ধ্যায় (১৩ এপ্রিল) থাকবে লোকগান। নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল নয়টায়। শোভাযাত্রায় সাম্প্রদায়িকতাবিরোধী প্রধান প্রতীকটি ছাড়াও বড় আকারের প্রতীকের মধ্যে থাকবে একটি কাকাতুয়া, দুটি ময়ূর, একটি করে বাঘ, হাতি, ঘোড়া ও ছাগল। আর থাকবে বিশাল আকারের এক মাছ। এ ছাড়া মাঝারি ও ছোট আকারের মুখোশ, পাখ-পাখালি থাকবে কয়েক শ।
মঙ্গল শোভাযাত্রা রূপসী বাংলা হোটেল, মৎস্য ভবন, দোয়েল চত্বর ঘুরে আসবে। এরপর অনুষদের পশ্চিম পাশে সারা দিন ধরে চলবে পুতুলনাচ ও চড়ক। পরদিন সন্ধ্যায় বকুলতলায় শিক্ষার্থীদের পরিবেশনায় মঞ্চস্থ হবে যাত্রাপালা রক্তাক্ত প্রান্তর।
উৎসবের দিনটি এগিয়ে আসছে দ্রুত। তাকে রাঙিয়ে তুলতে রং-তুলি নিয়ে মেতে আছেন নবীন শিল্পীরা। প্রত্যাশা সবারই, নতুন বছর সব মলিন অন্ধকার ঘুচিয়ে রাঙিয়ে দেবে জীবন।