আলো ছড়াচ্ছে পাড়ায় পাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বই পড়ায় মগ্ন পাঠকেরা। ৬ মে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের আকছাইল গ্রামের গোলাম আবেদীন মাস্টার ও রেফাতুন্নেছা স্মৃতি গ্রন্থাগার থেকে তোলা ছবি l প্রথম আলো
বই পড়ায় মগ্ন পাঠকেরা। ৬ মে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের আকছাইল গ্রামের গোলাম আবেদীন মাস্টার ও রেফাতুন্নেছা স্মৃতি গ্রন্থাগার থেকে তোলা ছবি l প্রথম আলো

নানান বয়সী মানুষ—নারী-পুরুষ-শিশু। কোনো সাড়া-শব্দ নেই, পিনপতন নীরবতা। যে যার পছন্দমতো বই পড়ছেন। ৬ মে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের আকছাইল গ্রামের গোলাম আবেদীন মাস্টার ও রেফাতুন্নেছা স্মৃতি গ্রন্থাগারে গিয়ে দেখা যায় এ দৃশ্য।

একসঙ্গে ৮-১০ জন পাঠক বসে বই পড়তে পারেন এই গ্রন্থাগারে। যেসব গৃহবধূ ও ছাত্রী গ্রন্থাগারে আসতে পারেন না, বিনা খরচে তাঁদের বাড়িতে বই পৌঁছে দেওয়া হয় গ্রন্থাগারের পক্ষ থেকে।

গোলাম আবেদীন মাস্টার ও রেফাতুন্নেছা স্মৃতি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রুকন উদ্দিন আহমেদ। তিনি বলেন, মা-বাবার নামে তিনি ১৯৮২ সালে গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেছেন। প্রতিবেশী ও গ্রন্থাগারের অন্যতম পরিচালক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী অপু সুলতান তাঁদের আধা শতাংশ জায়গা দিয়ে গ্রন্থাগার নির্মাণে সহায়তা করেছেন। ওই জায়গায় তাঁরা আধা পাকা ঘর নির্মাণ করে গ্রন্থাগারের কার্যক্রম শুরু করেন।

রুকন উদ্দিন আহমেদ বলেন, পাঁচটি গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার উদ্দেশ্যে তাঁরা গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, গ্রামের গৃহবধূরা সংসারের কাজ সামলে গ্রন্থাগারে এসে পড়ার সময় বের করতে পারেন না। সে জন্য গৃহবধূ ও ছাত্রীদের চাহিদা মোতাবেক তাঁদের বাড়িতে গিয়ে বই পৌঁছে দিয়ে আসেন গ্রন্থাগারের তত্ত্বাবধায়ক।

গ্রন্থাগার কর্তৃপক্ষ জানায়, গ্রন্থাগারে ৩ হাজারেরও বেশি বই আছে। গল্প, উপন্যাস, প্রবন্ধসহ বিভিন্ন বইয়ের পাশাপাশি ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শ্রেণির পাঠ্যবইও আছে। সপ্তাহের প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকে। প্রতিদিন কম-বেশি ৫০ জনের মতো পাঠক গ্রন্থাগারে পড়তে আসেন।

প্রতি মাসে ৮০ থেকে ৯০টি বই পাঠকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বই পৌঁছে দেওয়ার কাজটি করেন গ্রন্থাগারের তত্ত্বাবধায়ক আলমাছ উদ্দিন মিয়া।

রংমিস্ত্রির কাজ করেন আলমাছ উদ্দিন মিয়া। কাজের ফাঁকে ফাঁকে বই বিলি করেন তিনি। আলমাছ মিয়া বলেন, মুঠোফোন বা লোক মারফত খবর পেলে পাঁচ গ্রামের গৃহবধূ ও ছাত্রীদের বাড়িতে বই পৌঁছে দিয়ে আসেন তিনি। পড়া শেষ হলে আবার তাঁদের কাছ থেকে বই ফেরত আনেন। তিনি বলেন, ‘তারা আমগো বই পইড়া আলো ছড়াইতাছে, এর চাইতে বড় আনন্দ আমার কাছে আর কী অইবার পারে!’

বই বিলি করে মাসে কিছু সম্মানী পান আলমাছ মিয়া। তিনি বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রঙের কাজ করেন। পরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং কাজ না থাকলে সারা দিন কেরানীগঞ্জের আকছাইল, কলাতিয়া, মিঠাপুর, নাজিরপুর ও তালেপুর গ্রামের গৃহবধূ ও ছাত্রীদের কাছে বই পৌঁছে দেন। ছাত্রীদের বই জরুরি হলে অনেক সময় কাজে যাওয়ার আগে বই পৌঁছে দেন। তিনি বলেন, ‘কাজে যাওয়ার আগে বই পৌঁছে দিতে কষ্ট হয়। কিন্তু ছাত্রীরা যদি সময়মতো বই হাতে পায়, তাতেই আমি খুশি। কারণ, তাঁরা আমাদের বই পড়ে আলোকিত মানুষ হচ্ছে।’

গ্রন্থাগার কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর সবচেয়ে বেশি বই পড়া তিনজন পাঠককে গ্রন্থাগারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া প্রতিবছর একজন দরিদ্র মেধাবী ছাত্রীকে নির্বাচন করে ষষ্ঠ থেকে ডিগ্রি বা অনার্স পর্যন্ত তার পড়াশোনার খরচ দেওয়া হয়।গ্রামের মানুষের স্বাস্থ্যপরীক্ষাসহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম চালানো হয় গ্রন্থাগারের পক্ষ থেকে।

আকছাইল গ্রামের গৃহবধূ মাহমুদা আহমেদ বলেন, সারা দিন কাজের ফাঁকে তিনি বই পড়েন। বিশেষ করে দুপুরে খাওয়া-দাওয়ার পর। বইয়ের যখন প্রয়োজন হয়, তখন আলমাছ মিয়াকে মুঠোফোনে জানালে তিনি বাড়িতে বই পৌঁছে দেন।

কলাতিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী কেয়া আক্তার বলল, গ্রন্থাগারটি তাদের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে। তাই অনেক সময় সে গ্রন্থাগারে গিয়ে বই পড়তে পারে না। গ্রন্থাগারের দায়িত্বে নিয়োজিত লোকজনকে মুঠোফোনে জানালে অথবা লোক মারফত খবর দিলে তাঁরা চাহিদামতো বাড়িতে বই পৌঁছে দিয়ে যায়।