আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ
আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে ভূমিদস্যুদের মাটি কাটার প্রতিবাদ এবং তাঁদের এমন কর্মকাণ্ড থেকে তিন ফসলি জমি রক্ষার আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।
আজ শুক্রবার রাজধানীর শাহবাগ মোড়ে কৃষক বাঁচাও শিরোনামে মুন্সিগঞ্জের শতাব্দী বালুচর সমন্বয় পরিষদ এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনী উদ্বোধনের পর মানববন্ধন কর্মসূচি পালন করেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় লোকজন। মানববন্ধন থেকে বক্তারা প্রধানমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ফসলি জমির মাটি কাটা রোধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
প্রদর্শনীর প্রধান আয়োজক ফজির শেখ বলেন, মুন্সিগঞ্জের সিরাজদিখানের বিভিন্ন ইউনিয়নে তিন ফসলি উর্বর কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছেন কতিপয় ইটভাটার মালিক; যাঁরা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি। প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে কিছু অসাধু ব্যবসায়ীও এ কাজ করছেন।
ফজির শেখ বলেন, কৃষিজমির উপরিভাগের মাটি ভূমিদস্যুরা যেভাবে দিন-রাত কেটে নিয়ে যাচ্ছেন, তাতে কৃষকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভুলভাল বুঝিয়ে কিছু অর্থের বিনিময়ে নতুবা হুমকি দিয়ে মাটি কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
মানববন্ধনে স্থানীয় লোকজন বলেন, ভূমিদস্যুরা মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে আশপাশের জমিগুলো দেবে যাচ্ছে। যে পথ দিয়ে বালু নিয়ে যাওয়া হচ্ছে, তা ধুলায় আচ্ছাদিত হয়ে থাকছে। শিশু থেকে বৃদ্ধ বয়সী সবাই অসুখে ভুগছেন। অথচ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন।
মানববন্ধনে অনলাইনে যুক্ত হয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম বলেন, ভূমিদস্যুদের মাটি কেটে নেওয়ার ফলে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমনি সাধারণ মানুষকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। প্রশাসনের উচিত এসব বিষয়ে জনগণকে সহায়তা করা। যদি সঠিক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে। যাঁরা মাটি কেটে নিয়ে যাচ্ছেন, তাঁরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করছেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হকসহ ভুক্তভোগী কৃষক, স্থানীয় কর্মজীবী, শিক্ষার্থী ও মুন্সিগঞ্জের ১২টি সংগঠনের নেতা–কর্মীরা।