আলোকচিত্রী চঞ্চল মাহমুদ লাইফ সাপোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চঞ্চল মাহমুদ
ছবি: সংগৃহীত

খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।

চঞ্চল মাহমুদের স্ত্রী রায়না মাহমুদ প্রথম আলোকে জানান, গত শনিবার রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। রোববার থেকে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে রায়না মাহমুদ প্রথম আলোকে বলেন, চঞ্চল মাহমুদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি ডায়াবেটিসেম আক্রান্ত, কিডনিরও সমস্যা রয়েছে। পাশাপাশি আরও শারীরিক জটিলতা আছে।

রায়না মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিবারের পক্ষে চঞ্চল মাহমুদের চিকিৎসার খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়াতে সরকারসহ সবার প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি চঞ্চল মাহমুদের সুস্থতার জন্য দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন।