আশিয়ান সিটির বিরুদ্ধে জমি ও বাড়ি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন কোম্পানি আশিয়ান সিটির বিরুদ্ধে জমি ও বাড়ি দখলের অভিযোগ এনেছে দক্ষিণ খান মৌজার ভূমি মালিক সমিতি। গতকাল শনিবার সমিতির সদস্যরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে অবিলম্বে তাঁদের জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানান। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা, হলান, নর্দাপাড়া, দক্ষিণপাড়া, আশকোনা ও বরুরা এলাকার সাধারণ মানুষের জমি জবরদখল করে নিয়েছে আশিয়ান সিটি কর্তৃপক্ষ ও তাদের ক্যাডার বাহিনী। রাতের অন্ধকারে বালু ফেলে এবং বাড়িঘর ও প্রাচীর ভেঙে এখনো অন্যের জমি দখল করা হচ্ছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি, মামলা ও মৌখিক অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। সমিতির উপস্থিত সদস্যরা বলেন, সারা জীবনের সঞ্চিত অর্থ, পৈতৃক ভিটা ও গয়না বিক্রি করে তাঁরা এক খণ্ড জমি সংগ্রহ করেছিলেন। তাঁদের স্বপ্ন ছিল ভবিষ্যতে এই জমিতে বাড়িঘর করে মাথা গোঁজার একটু ঠাঁই করবেন। কিন্তু আশিয়ান সিটি কথিত প্রকল্পের নামে জোর করে জমি দখল করে তাঁদের স্বপ্ন ভেঙে দিয়েছে। এমন কি নর্দা এলাকায় প্রতিবন্ধীদের একটি স্কুল দখল করে সেখানে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার নামে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।