আশুলিয়া বিলে দ্রবীভূত অক্সিজেন ০.৫২ মিলিগ্রামে নেমে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়া বিলে বর্জ্য ফেলার অপরাধে দুটি ডায়িং কারখানাকে ৭১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ আকস্মিক অভিযান চালিয়ে ল্যান্ডমার্ক ফেব্রিকস লিমিটেড ও মার্ক টেরি লিমিটেড নামের দুটি কারখানাকে এই জরিমানা করে।অভিযানকালে দেখা যায়, কারখানা দুটি ইটিপি (বর্জ্য পরিশোধন প্ল্যান্ট) বন্ধ রেখে অপরিশোধিত তরল বর্জ্য আশুলিয়া বিল ও সংলগ্ন তুরাগ নদে ফেলছে। পরিবেশ অধিদপ্তরের এ বিশেষ দল আজ র‌্যাব-২-এর সহায়তায় আশুলিয়া এলাকার পরিবেশদূষণের এ ঘটনা হাতেনাতে উদ্ঘাটন করে।অভিযানকারী দল দুটি কারখানায় প্রবেশ করেই ইটিপির ব্লোয়ার বন্ধ দেখতে পায়। এ ছাড়া দুটি কারখানার বর্জ্য নির্গমনস্থল পরিদর্শন এবং ল্যান্ডমার্ক ফেব্রিকস লিমিটেড ও মার্ক টেরি লিমিটেড কারখানার কর্মকর্তাদের উপস্থিতিতে তরল বর্জ্যের নমুনা হিসেবে তাৎ ক্ষণিক রাসায়নিকের পরীক্ষা করে। পানিতে দ্রবীভূত অক্সিজেন পায় যথাক্রমে শূন্য দশমিক ৩২, শূন্য দশমিক ১৬ ও শূন্য দশমিক ১২ মিলিগ্রাম/লিটার, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এনফোর্সমেন্ট দলের অনুসন্ধানে আরও দেখা যায়, এ দুটি কারখানার দূষিত তরল বর্জ্যে আশুলিয়া বাজারসংলগ্ন বিশাল জলাশয় ও বিলের পানি কালো রং ধারণ করেছে এবং দূষিত এ পানি সংলগ্ন তুরাগ নদ দূষণ করছে।উল্লেখ্য, পরিবেশ আইন মোতাবেক পানিতে জলজ প্রাণীর অস্তিত্বের জন্য ন্যূনতম ৪ দশমিক ৫ মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন থাকা আবশ্যক।এলাকাবাসী জানান, তাঁরা এ দুটি কারখানার পরিবেশদূষণের শিকার, যা এলাকার কৃষি ও মৎ স্যসম্পদসহ জীববৈচিত্র্য ধ্বংস করছে। এনফোর্সমেন্ট দল আশুলিয়া বিলের পানি পরীক্ষা করে দ্রবীভূত অক্সিজেন পায় মাত্র শূন্য দশমিক ৫২ মিলিগ্রাম/লিটার, যা জলজ প্রাণীসহ পরিবেশের জন্য ধ্বংসাত্মক।পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি সাধনের অপরাধে পরিবেশ অধিদপ্তর ল্যান্ডমার্ক ফেব্রিকসকে ৪৪ লাখ ৮০ হাজার টাকা এবং মার্ক টেরি লিমিটেডকে ২৬ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করে এবং অবিলম্বে ইটিপি কার্যকরভাবে চালু করার কঠোর নির্দেশ দেয়।