আশুলিয়ার বন্ধ পোশাক কারখানাগুলো চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার বন্ধ পোশাক কারখানাগুলো চালুর দাবি জানিয়েছে শ্রমিকদের বিভিন্ন সংগঠন। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ও বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব দাবি জানানো হয়।শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে স্কপের নেতারা গতকাল তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের দাবি ন্যায়সংগত ও যৌক্তিক। কিন্তু এসব নিয়ে কোনো আলোচনা না করেই অতীতের মতো কারখানা বন্ধ ও শ্রমিকদের লাঠিপেটা করা হয়েছে। কারও ষড়যন্ত্র বা হটকারী সিদ্ধান্তে এ শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না। আবার লাখ লাখ শ্রমিক মানবেতর জীবন যাপন করবে—সেটাও গ্রহণযোগ্য নয়। স্কপ দ্রুত কারখানা খুলে দেওয়াসহ কয়েকটি দাবি জানিয়েছে। মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে স্কপের সভায় উপস্থিত ছিলেন আবদুল মতিন মাস্টার, জাফরুল হাসান, ওয়াজেদুল ইসলাম খান, খলিলুর রহমান, মেসবাহউদ্দীন আহমেদ প্রমুখ। এদিকে কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল রাজধানীর তোপখানা রোডের আসাদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। সম্মেলনে বলা হয়, সামনে রোজা ও ঈদ। এখন কারখানা বন্ধ করে দেওয়ার ফলে শ্রমিকদের মজুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে। শ্রমিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এটি সামাজিক ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী সিরাজুল ইসলাম। তিনি বলেন, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ সব সময় অপশক্তির ইন্ধনের কথা বলে। কিন্তু স্পষ্ট করে ইন্ধনদাতাদের চিহ্নিত করে না। জাতীয় শ্রমিক লীগ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দ্রুত বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে।