আশুলিয়ায় আগুনের ঘটনার তদন্তে স্কপের কমিটি
ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে ভয়াবহ আগুনের ঘটনার তদন্তে ছয় সদস্যের কমিটি করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল বুধবার সকালে রাজধানীর তোপখানা রোডে স্কপের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।কমিটির আহ্বায়ক হচ্ছেন শাহ মো. আবু জাফর এবং সদস্যরা হলেন ফজলুল হক, জাফরুল হাসান, লুৎফুর রহমান, রাজেকুজ্জামান রতন ও ফিরোজ আহমেদ। সভায় ২৪ নভেম্বরের আগুনের এই ঘটনাকে স্মরণকালের মর্মন্তুদ ও দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশে যেসব বহুতল ভবনে পোশাক কারখানা গড়ে উঠেছে, সেগুলো এক একটি মৃত্যুকূপ। ঘটনার সঠিক তথ্য বের করার জন্য তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি চার দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করবে এবং এর ভিত্তিতে দোষী ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সুপারিশ করবে। সভায় তাজরীন ফ্যাশনসে আগুনে আহত শ্রমিকদের সুনির্দিষ্ট কাজের সময় হিসাব করে তাঁদের ন্যূনতম পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়।শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় স্কপের কেন্দ্রীয় কমিটির শাহ মো. আবু জাফর, ফজলুল হক, জাফরুল হাসান, মেজবাহ উদ্দিন আহমেদ, শফিউদ্দিন আহমেদ, ওয়াজেদুল ইসলাম খান, খালেকুজ্জামান প্রমুখ অংশ নেন।এদিকে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতারাও এক বিবৃতিতে তাজরীন ফ্যাশনসের আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি