আশ্রয়কেন্দ্রের শিশুরা বড় কষ্টে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর বয়সী বাদশাহ জন্মের পর থেকেই সমাজসেবা অধিদপ্তরের আজিমপুরের আশ্রয়কেন্দ্র ‘ছোটমণি নিবাসে’ আছে। পেটটি শরীরের তুলনায় বড়, ফ্যাকাশে চোখ ও গায়ের চামড়া, উচ্চতা কম। শুধু যে বাদশাহর অবস্থা এমন, তা নয়। কেন্দ্রের বেশির ভাগ শিশুর চেহারায় অপুষ্টির ছাপ স্পষ্ট।সরকারি বা বেসরকারি আশ্রয়-কেন্দ্রের শিশুদের অবস্থা মোটামুটি এক। সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) ২০০৯-১০ সালের এক জরিপে দেখা গেছে, আশ্রয়-কেন্দ্রের শিশুদের ৬৬ শতাংশ রক্তস্বল্পতায় ভুগছে, অর্ধেকের উচ্চতা বয়সের তুলনায় কম, ৪০ ভাগের চামড়া ফ্যাকাশে, ৪৪ ভাগ শিশুর জিহ্বা বিবর্ণ। প্রয়োজনীয় খাবারের স্বল্পতাই এই অপুষ্টির কারণ। দুটি বেসরকারি সংস্থার আশ্রয়কেন্দ্রের ১৪৩টি শিশুর ওপর জরিপ করে নিপমস এই তথ্য দিয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক শেখ নজরুল ইসলাম বলেন, পুষ্টি চাহিদা পূরণে শিশুকে আমিষ, ক্যালসিয়াম, লৌহ, জিঙ্ক ও ভিটামিনসমৃদ্ধ পর্যাপ্ত খাবার খাওয়াতে হবে। ছোটমণি নিবাসে খাবার জোটে কম: ছোটমণি নিবাসে রাস্তায় কুড়িয়ে পাওয়া নবজাতক থেকে সাত বছর বয়সী শিশুদের রাখা হয়। সারা দেশে সরকারের এ রকম আশ্রয়কেন্দ্র আছে ছয়টি। আজিমপুরের কেন্দ্রটিতে ২৭টি শিশু থাকে। তিন বেলার মধ্যে শুধু দুপুরে এরা মাছ বা মাংস বা ডিম খেতে পায়। ফল বলতে সপ্তাহে একটি কলা। আশপাশের মানুষ দুধ বা ফলমূল পাঠালে তা শিশুদের দেওয়া হয়। কেন্দ্রের মেট্রন মঞ্জুরি মঞ্জু বলেন, একটি শিশুর জন্য মাসিক বরাদ্দ দেড় হাজার টাকা। এই টাকায় খাওয়া, জামা-কাপড়, পরিচ্ছন্ন-ব্যয় মেটাতে হয়। ছয় মাসের কম বয়সী দুটি শিশু আছে, তাদের জন্য প্রতিমাসে গুঁড়ো দুধের ১০টি কৌটা কিনতে হয়। শিশু দুটির চাহিদা পূরণ করতে অন্য শিশুদের বাজেট কমাতে হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, ওই বরাদ্দে শিশুদের পর্যাপ্ত খাবার দেওয়া সম্ভব হয় না। এতে তাঁদের কিছু করার নেই। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পুষ্টি বিভাগের প্রধান তাহমিদ আহমেদ বলেন, এসব শিশুকে নিয়মিত বিরতিতে ভিটামিন ‘এ’ এবং ছয় মাস পরপর কৃমির ওষুধ দিতে হবে। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি তাদের পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। তিন মাসে জোটেনি মাছ: বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশ রাস্তায় থাকা শিশুদের জন্য কারওয়ান বাজারে একটি ‘ড্রপ-ইন-সেন্টার’ পরিচালনা করে। ৭০-৮০ জন শিশু ও কিশোর এই কেন্দ্রের সদস্য। পেশায় এদের কেউ মুটে, কেউ তরকারি কুড়ায় আবার কেউ তরকারি বিক্রির সঙ্গে জড়িত। সংস্থার শিশু উন্নয়ন ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, কেন্দ্রে শিশুদের খাবার দেওয়া হয় না। তারা বাজার করে এনে নিজেরাই রান্না করে খায়। গত মাসে কেন্দ্রে গিয়ে দেখা যায়, উজ্জ্বল নামের ১১ বছর বয়সী একটি শিশু চারজনের জন্য রান্না করছে। বেগুন-মুলার তরকরি, শিমের ভর্তা, সঙ্গে একটি ডিম। এই দলেরই শিশু লাকী জানায়, তিন মাসে সে এক টুকরা মাছ খায়নি।নিপসমের গবেষণায় দেখা গেছে, ড্রপ-ইন সেন্টারের ৯৭ ভাগ শিশু পর্যাপ্ত পরিমাণ মাংস, ৮০ ভাগ শিশু পর্যাপ্ত পরিমাণ মাছ, ৯০ ভাগ শিশু দুধ ও ডিম এবং ৮৯ ভাগ শিশু ফলমূল পায় না। মাদ্রাসার চিত্রও অভিন্ন: তেজগাঁওয়ের একটি মাদ্রাসা ও এতিমখানায় সাত বছর থেকে ১৬ বছর বয়সী শিশুদের থাকা-খাওয়া ও লেখাপড়ার ব্যবস্থা আছে। এক বেলা মাছ আর দুই বেলা সবজি ও ডাল খাওয়ানো হয় শিশুদের। এর বাইরে কোনো খাবারের প্রয়োজন নেই বলে মনে করে কর্তৃপক্ষ। মৌসুমে এদের আম-কাঁঠাল দেওয়া হয়। দুধ দেওয়া হয় না কখনো। বিত্তশালীরা মাংস পাঠালে রান্না হয়। পাচক আবদুল ওয়াহাব বলেন, ৩০ জনের রান্না হলেও প্রতিদিন অতিরিক্ত পাঁচ-সাতজন অতিথি থাকে, তবে খাবারে টান পড়ে না।