আসাদ অ্যাভিনিউয়ে নিত্য যানজট
মোহাম্মদপুর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো দাঁড়িয়ে আছে সড়কজুড়ে। সঙ্গে আছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিতে আসা ব্যক্তিগত গাড়ি। এতে স্কুল শুরু ও ছুটির সময় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর প্রতিদিনের চিত্র এ রকম।
মোহাম্মদপুর থেকে রোজ বিভিন্ন রুটে তরঙ্গ প্লাস, এটিসিএল, মালঞ্চ, দীপন, মেশকাত, মিডওয়ে, ফাতেহসহ বিভিন্ন কোম্পানির শতাধিক বাস চলাচল করে। এসব বাস যাত্রা শুরু ও শেষ করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, নূরজাহান রোড, তাজমহল রোড এলাকায়। সারা দিন এসব পরিবহনের বাসগুলো সড়কের অর্ধেকের বেশি জায়গা দখল করে রাখে।
গতকাল বুধবার বেলা দুইটার দিকে দেখা যায়, নূরজাহান রোডের সামনে মোহাম্মদপুর থেকে ধূপখোলা পর্যন্ত পথে চলাচলকারী মালঞ্চ পরিবহনের চারটি বাস সড়কের ওপরে দাঁড়ানো। ফুটপাতের ওপরে বসানো কাউন্টার থেকে টিকিট নিয়ে সামনের বাসটিতে যাত্রী তোলা হচ্ছে। এর বিপরীত পাশে চিটাগাং রোড পর্যন্ত চলা মেশকাত পরিবহনের তিনটি বাস একইভাবে সড়কের ওপর দাঁড়িয়ে লোক তুলছে।
একাধিক বাসচালক ও তাঁদের সহকারী বলেন, বাসগুলো রাখার মতো নির্দিষ্ট জায়গা না থাকায় সড়কের ওপরে রাখা হয়। যাত্রা শেষে কম প্রস্থের রাস্তাগুলোতে এসব বাস ঘোরানোর কারণে যানজট বেশি হয়। আর একই রুটে একাধিক কোম্পানির বাস থাকায় কার আগে কে আসবে সেই প্রতিযোগিতা থাকে।
দাঁড়িয়ে থাকা এসব বাসের কারণে যানজট আসাদ অ্যাভিনিউ থেকে সলিমুল্লাহ রোড, নূরজাহান রোড, বাবর রোড, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর টাউন হল এলাকার ছোট-বড় সব সড়কে ছড়িয়ে যায়। ১০ মিনিটের রাস্তা পাড়ি দিতে কখনো কখনো আধা ঘণ্টার ওপর লেগে যায়। বেশি সময় হাতে নিয়ে রাস্তায় বের হতে হয় বাসিন্দাদের।
নূরজাহান রোডের বাসিন্দা দানিস আহমেদ বলেন, ‘স্কুল থেকে শিক্ষার্থীদের আনা-নেওয়া করে কিংবা ছুটির সময় পর্যন্ত অপেক্ষা করে এমন ব্যক্তিগত গাড়ির সংখ্যা এক থেকে দেড় শ। এতগুলো গাড়ি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকলে জ্যাম না লেগে উপায় আছে। আর বাসগুলো তো সারা দিনই অর্ধেকের বেশি রাস্তা আটকে রাখে।’
আসাদ অ্যাভিনিউ থেকে টাউন হল পর্যন্ত অন্তত ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। স্কুল শুরু ও ছুটির সময় যে যানজট সৃষ্টি হয়, তার অন্যতম কারণ শিক্ষার্থীদের স্কুলে দিতে ও ছুটি শেষে নিতে আসা অসংখ্য ব্যক্তিগত গাড়ি। এসব ছোট গাড়ি সড়কের ওপর দাঁড় করিয়ে রাখায় সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত যানজট লেগেই থাকে।
বেলা দেড়টার দিকে দেখা যায়, আসাদ অ্যাভিনিউ থেকে টাউন হল পর্যন্ত রাস্তার দুপাশে সারি দিয়ে অর্ধশতাধিক ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে আছে। শিক্ষার্থীদের নিতে আসা এসব গাড়ির কারণে পুরো আসাদ অ্যাভিনিউতে যান চলাচল থেমে আছে। এ ছাড়া শহীদ পার্ক মসজিদ মার্কেটের সামনে সড়কের ওপর ফেলে রাখা সিটি করপোরেশনের ময়লার কনটেইনারের কারণেও সড়ক সংকীর্ণ হয়ে পড়েছে।
একজন অভিভাবক বলেন, স্কুলগুলোর নিজস্ব বাস থাকলে এমন সমস্যা কম হতো। নিরাপদে বাড়ি পৌঁছানোর নিশ্চয়তা থাকলে অভিভাবকেরা তাঁদের সন্তানদের বাসেই পাঠাতেন। স্কুল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে স্কুলবাসে আসা-যাওয়া বাধ্যতামূলক করে না দিলে এ সমস্যা কমবে না।
আসাদ অ্যাভিনিউ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো এলাকা বন্ধ হয়ে যায়। কিছু সড়কে একমুখী চলাচলের ব্যবস্থা করা দরকার। অবশ্যই বাসগুলো সরানো দরকার। এলাকার যানজট কমাতে মেয়র, পুলিশের ট্রাফিক বিভাগ, বাসমালিকদের সঙ্গে বসে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-পশ্চিম) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বাসগুলো কোথায় থাকবে সেটা ঠিক করতে হবে। জনপ্রতিনিধি, বাসমালিক সবাই মিলে বাসগুলো কোথায় রাখা হবে সেটা নির্ধারণ করে দিক। সড়ক থেকে বাসগুলো সরাতে পুলিশ সহায়তা করবে।’