ভেজাল প্যারাসিটামল সিরাপ পান করে শিশুমৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক আসামি আজফার পাশাকে আগামী ৯ ফেব্রুয়ারি আদালতে হাজির করতে নোটিশ জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার স্থায়ী জামিনদার খিলগাঁও এলাকার আবুল হাসনাতের প্রতি এ নোটিশ জারি করেন ঢাকার ড্রাগ আদালতের বিচারক কৃষ্ণা দেবনাথ। এ মামলার বিচার শুরু হয়েছিল আজ থেকে ১৮ বছর আগে। এর আগে ২০০৭ সালের ৫ নভেম্বর হাইকোর্ট মামলাটির ওপর জারি স্থগিতাদেশ বাতিল করে তা নিম্ন আদালতে পাঠিয়ে দেন। এরপর বিচারকের সামনে মামলার নথি উপস্থাপন না করেই কেটে যায় দুই বছর। গত বছরের ২০ অক্টোবর বাত্সরিক আদালত পরিদর্শনের সময় সেরেস্তার আলমিরায় মামলাটির নথির সন্ধান পাওয়া যায়। ওই দিন সাবেক বেঞ্চ সহকারী আবদুল হককে হাইকোর্ট থেকে নথি পাঠানোর পরও কেন তা বিচারকের সামনে উপস্থাপন করা হয়নি, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলেন ড্রাগ আদালতের সাবেক বিচারক গোলাম মর্তুজা মজুমদার। আদালত সূত্র জানায়, সাবেক বেঞ্চ সহকারী আবদুল হক এখনো এ বিষয়ে কারণ দর্শাননি। সরকার পক্ষের কৌঁসুলি মাহামুদ হোসেন প্রথম আলোকে জানান, হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম স্থগিত ছিল। একই ঘটনার আরও তিনটি মামলা রয়েছে। ওই তিনটি মামলার কার্যক্রমও হাইকোর্টর আদেশে স্থগিত রয়েছে। মামলায় অভিযুক্ত পাঁচ আসামির মধ্যে শুধু আজফার পাশাকে আদালতে হাজির করতে স্থায়ী জামিনদারের প্রতি নোটিশ জারি করা হয়েছে। অন্য আসামিরা হলেন মেসার্স এডফ্লেম ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার পাশা, আনোয়ার পাশার স্ত্রী হেলেনা পাশা, ওষুধ উত্পাদন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) নগেন্দ্র বালা, মো. নোমান ও মিজানুর রহমান। এর মধ্যে আনোয়ার পাশা মারা গেছেন।১৯৯২ সালে ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্কালীন কর্মকর্তা আবুল খায়ের চৌধুরী বাদী হয়ে ঢাকার ড্রাগ আদালতে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৯০-৯১ সালে শেরেবাংলা নগর শিশু হাসপাতালে মেসার্স এডফ্লেম ফার্মাসিউটিক্যালের প্যারাসিটামল সিরাপ পান করে কয়েকজন শিশু মারা যায়। বিষয়টি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ওষুধ প্রশাসন বাজার থেকে ওই কোম্পানির প্যারাসিটামল সিরাপের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেন। পরীক্ষায় প্যারাসিটামল সিরাপে বিষাক্ত রাসায়নিক পদার্থ পাওয়ায় ওষুধ প্রশাসন বাদী হয়ে মামলা করে। মামলার অভিযোগে বলা হয়, অননুমোদিত বিষাক্ত দ্রব্য সংমিশ্রণ ও মান বহির্ভূত ভেজাল ও ক্ষতিকর প্যারাসিটামল জাতীয় সিরাপ তৈরি করে বাজারজাত করা হয়েছে। এর ফলে ওই ওষুধ সেবন করে শিশুমৃত্যু ঘটেছে। ১৯৯৪ সালের ২৮ মে আসামিদের বিরুদ্ধে ১৯৮২ সালের ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের ১৬সি উপ-ধারা ও ১৭ ধারায় অভিযোগ গঠন করা হয়। ওই আদেশের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলা কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন।