মিরপুর সেনানিবাসে নিজ বাসায় স্কুলছাত্র সামিন ইয়াসার শাওন হত্যার ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম থেমে গেছে। পরিবারের অভিযোগ, ঘটনার পর কিছুদিন পুলিশের ব্যাপক তৎপরতা থাকলেও এখন আর নেই। ফলে ঘটনার আট মাসেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তৎপরতা না থাকার বিষয়ে পুলিশও বিষয়টি নির্দ্বিধায় স্বীকার করেছে। জানতে চাইলে মামলার তদারক কর্মকর্তা পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার (এসি) ইফতেখার আহমেদ বলেন, ‘প্রধান আসামি আসিফের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। কিন্তু আসিফের অবস্থান সম্পর্কে তাঁর কাছ থেকে কোনো তথ্য পাইনি। তা ছাড়া আসিফ কিশোর হওয়ায় কিছু সমস্যা দেখা দিয়েছে। বলতে গেলে এ মুহূর্তে তাঁকে গ্রেপ্তারে আমাদের তৎপরতা নেই। তবে কিছুদিন পর গ্রেপ্তারের জন্য সরেজমিন অভিযান চালানো হবে।’গত বছরের ৩১ অক্টোবর মিরপুর সেনানিবাসের আবাসিক ভবনে নিজ বাসায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র শাওনকে (১৪) জবাই করে হত্যা করা হয়। তার মা হাসিনা বেগম মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের (এমইএস) নকশাকার হওয়ায় শাওন পরিবারের সঙ্গে ওই বাসায় থাকত। এ ঘটনায় শাওনের বাবা ফরিদ আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন। কিছুদিন পর পুলিশ শাওনের সহপাঠী আল ইমরান হোসেন শিমুলকে গ্রেপ্তার করে। শিমুল ১৬৪ ধারায় জবানবন্দিতে ও গণমাধ্যমকর্মীদের কাছে স্বীকার করে, শাওনের সহপাঠী আসিফ আহমেদ নামের এক কিশোর এ হত্যার মূল পরিকল্পনাকারী। ফেসবুকে একটি মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে শত্রুতার জেরে আসিফ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। শাওনের পরিবারের অভিযোগ, শিমুলকে গ্রেপ্তারের পর থেকে পুলিশ একেবারেই নীরব।পরিবার জানায়, এ বিষয়ে চাপাচাপির একপর্যায়ে মাস দেড়েক আগে পুলিশ আসিফের বাবা আশরাফ আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারপর আবারও নিশ্চুপ তারা।ফরিদ আহমেদ বলেন, ‘প্রধান আসামি গ্রেপ্তার তো দূরের কথা, তদন্ত কর্মকর্তা এসআই আবদুর রহমান এখন আমার সঙ্গে কথাই বলেন না।’ তিনি আরও অভিযোগ করেন, ঘটনার তদন্তে র্যাব-৪-এর কার্যালয়ে লিখিত আবেদন করেছিলেন। কিন্তু সেখান থেকেও কোনো সাড়া মেলেনি। এসআই আবদুর রহমান বলেন, ‘ফরিদের নালিশ যেন আমিই তাঁর ছেলেকে হত্যা করেছি। আর কথা বলব না কেন। থানায় আসলে ওনাকে কফি খাওয়াইয়ে বিদায় করি।’র্যাব-৪-এর অধিনায়ক আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‘আমি নভেম্বরে র্যাব-৪-এ যোগ দিয়েছি। বিষয়টি দেখব।’