আসামি রহিমের জামিন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইসহাক হত্যা মামলার আসামি আবদুর রহিমের জামিন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া রহিমকে গতকাল বৃহস্পতিবার অন্য একটি মামলায় ডিবি পুলিশ এক দিনের রিমান্ডে নিয়েছে।মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, রহিম কিছুদিন আগে ইমাম হত্যা মামলায় তথ্য গোপন করে জামিন নিয়েছিলেন। গতকাল ওই মামলায় হাজিরা থাকলেও তিনি হাজিরা দেননি। এসব পর্যালোচনা করে মহানগর দায়রা জজ আদালত তাঁর জামিন বাতিল করেন।ডিবি সূত্র জানায়, গতকাল ডিবি পুলিশ প্রতারণা মামলায় রহিমকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বুধবার রহিম বিমানযোগে মালয়েশিয়া থেকে দেশে আসেন। পুলিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করে। সেদিনই রুহুল আমিন নামে এক ব্যক্তি মতিঝিল থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এই মামলায় রহিমকে গ্রেপ্তার দেখানো হয়। রুহুল আমিনের অভিযোগ, রহিম তাঁর কাছ থেকে চার লাখ টাকা নিলেও তাঁকে মালয়েশিয়ায় পাঠাননি।ডিবির কর্মকর্তারা জানান, রহিমের বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে বিমানবন্দর থানায়। সেটি খুন ও গুমের মামলা। দুলু সিকদার নামে এক ব্যক্তিকে মালয়েশিয়ায় নিয়ে হত্যা করে লাশ গুমের অভিযোগ আছে রহিমের বিরুদ্ধে।ডিবির কর্মকর্তারা জানান, রমনা মসজিদের ইমাম ইসহাক খুনের ঘটনায় এর আগে গ্রেপ্তার হওয়া কাজী বায়েজিদ আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছিলেন, মালয়েশিয়া-প্রবাসী রহিমের পরিকল্পনায় ও নির্দেশে একরাম, নাজিমউদ্দিন ও মুরাদ মিলে হাত-পায়ে শেকল বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। ইমাম ইসহাককে খুন করার পর আবদুর রহিম মালয়েশিয়ায় পালিয়ে যান। সেখান থেকে ৬ জুলাই দেশে ফিরে তথ্য গোপন করে আদালত থেকে ওই মামলায় তিনি জামিন নিয়ে আবার মালয়েশিয়ায় চলে যান। গতকাল ওই মামলায় তাঁর হাজিরা ছিল। এ জন্য তিনি বুধবার মালয়েশিয়া থেকে দেশে ফেরেন।মামলা তদারককারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, দুই মাস আগে আবুদর রহিম, তাঁর সহযোগী কাজী বায়েজিদ, একরাম, নাজিমউদ্দিন ও মুরাদ হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এই মামলায় গ্রেপ্তার হওয়া বায়েজিদ ও নাজিম কারাগারে। অভিযোগপত্রভুক্ত একরাম ও মুরাদ পলাতক রয়েছেন। ডিবির কর্মকর্তা বলেন, চট্টগ্রামে একটি লবণ কারখানার মালিকানা নিয়ে বিরোধ মেটাতে গিয়ে ইমাম ইসহাকের সঙ্গে তাঁর চাচাতো ভাই রহিমের সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে রহিম প্রতিশোধপরায়ণ হয়ে কারখানার ব্যবস্থাপক নাজিমউদ্দিনসহ কয়েকজনকে নিয়ে ইসহাককে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় একরাম খানকে।গত ১ জানুয়ারি শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম শেওড়াপাড়ার ৫৪৯/এ, শামীম সরণির রানীলয় ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে হাত-পা শেকল দিয়ে বাঁধা এবং নাক-মুখে স্কচটেপ লাগানো অবস্থায় ইসহাকের গলিত লাশ অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে পুলিশ। ২০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে লাশ শনাক্ত করা হয় এবং তাঁর ভাই মোহাম্মদ শুয়াইব বাদী হয়ে অপহরণের পর হত্যার অভিযোগে থানায় মামলা করেন।