আসামিকে চিনিয়ে দেওয়ার ‘অপরাধে’ বাবাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাচালক বাবা পুলিশের সঙ্গে গিয়ে কিশোরী মেয়ের ধর্ষককে চিনিয়ে দিয়েছিলেন। এ ‘অপরাধে’ আসামি ও তার সহযোগীরা মারধর করে তাঁর দাঁত ভেঙে দিয়েছে। হামলা করেছে পুলিশ সদস্যের ওপরও। শেষ পর্যন্ত আসামি গ্রেপ্তার হলেও তার লোকজনের হুমকির কারণে মেয়েটির মা-বাবা এখন পালিয়ে বেড়াচ্ছেন।ঘটনাটি ঘটেছে রাজধানীর মগবাজারের মীরবাগে। মেয়েটির মা-বাবা প্রথম আলো কার্যালয়ে এসে ধর্ষণ এবং এর পরের ঘটনার বর্ণনা দেন। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাকিম (৩৮) মীরবাগের স্থায়ী বাসিন্দা। তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার নয়াটোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন উর রশিদ জানান, থানার তালিকাভুক্ত সন্ত্রাসী হাকিম ১১টি মামলার আসামি।মামলার নথিপত্র দেখে এবং মেয়েটির মা-বাবার সঙ্গে কথা বলে জানা যায়, ৯ এপ্রিল সকালে মেয়েটির মা ঘরের একটু দূরে বাথরুমে ছিলেন। এ সময় হাকিম ঘরে ঢুকে মেয়েটির মুখ চেপে ধরে পাশের আরেকটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। মা নিজে এ ঘটনা দেখে ফেললেও ভয়ে মুখ খোলেননি। পরদিন মামলা করে পরিবারটি।মামলা করার পরই মা-বাবা মেয়েকে নিয়ে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে এলাকায় গিয়ে আসামিকে চিহ্নিত করেন। আসামিদের দেখিয়ে দিয়েই মেয়েটি ও তার মা দৌড়ে চলে যান। তবে আসামি ও তাঁর লোকজন মেয়েটির বাবা ও তদন্তকারী কর্মকর্তাকে ধরে মারধর করেন। পরে থানার এসআই মিজানুর রহমান ফোর্স নিয়ে গিয়ে তাঁদের উদ্ধার করেন।১২ বছর বয়সী মেয়েটি ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। তবে পরিবার বলছে, ঘটনার আকস্মিকতায় হতভম্ব ও বিব্রত থাকায় প্রাথমিক অবস্থায় সে ধর্ষণের কথা গোপন করে। তদন্তকারী কর্মকর্তা হারুন উর রশিদ এ কারণে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর আওতায় ‘ধর্ষণচেষ্টার’ অপরাধে মামলা করেছেন। এ বিষয়ে চিকিৎসকের সনদ এখনো হাতে পায়নি পুলিশ।এদিকে ঘটনার পর থেকে মেয়েটির মা-বাবা এলাকাছাড়া। ভাড়া বাড়ি থেকে জিনিসপত্র আনার সাহস পর্যন্ত পাচ্ছেন না। নিরাপত্তার জন্য মেয়েকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আসামিপক্ষ থেকে মেরে ফেলার হুমকি দেওয়ায় ২১ এপ্রিল মেয়েটির পরিবার রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে।মেয়েটির মা প্রথম আলোকে বলেন, ‘আমার মাইয়্যার শরীরের রক্ত বলতে গেলে সব বাইর হইয়্যা গেছে। আর থানা থাইক্যা বলতাছে, আমরা নাকি আসামির সঙ্গে আপস করছি। আপস করমু ক্যান? টাকা দিলেই কী আমার মাইয়্যার শরীরটা ফেরত পামু?’এসআই হারুন উর রশিদ প্রথম আলোকে বলেন, আসামি হাকিমকে ধরতে গেলে তাঁকে ছিনিয়ে নেওয়ার জন্য জয়ধর আলী, লাভলী বেগমসহ ৮-১০ জন নারী-পুরুষ লাঠি নিয়ে হামলা চালান। পরে অন্য পুলিশ সদস্যদের সহায়তায় হাকিমসহ কয়েকজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি জানান, তিনি বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা করেছেন।