আসামিরা গ্রেপ্তার না হলে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যামলী পরিবহনের মেকানিক রতন মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারে ২০ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মোটর মেকানিকরা। এর মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে সেদিন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন তাঁরা।
গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে রতন মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশনের সদস্যরা। এ সময় তাঁরা সময়সীমা বেঁধে দেওয়ার কথা সাংবাদিকদের জানান।
মানববন্ধনে ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল অভিযোগ করে বলেন, সারা দেশের বিভিন্ন রুটে শ্যামলী পরিবহনের চার শ যাত্রীবাহী বাস চলাচল করে। এই পরিবহনের সম্পত্তি নিয়ে দুই মালিক রমেশ চন্দ্র ঘোষ ও রমেন ঘোষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দীর্ঘদিনের পুরোনো এই পরিবহন সংস্থায় প্রধান মেকানিক হিসেবে কাজ করতেন রতন। রমেন গ্রুপের লোকজনের ধারণা রমেশের পক্ষের লোক ছিলেন তিনি। এ জন্য রমেন ঘোষের শ্যালক শষ্ঠী ঘোষ রতনকে হত্যা করেছেন।
রতনকে হত্যার পর শষ্ঠী ঘোষ ভারতে পালিয়ে গেছেন জানিয়ে মাহবুবুর রহমান ইসমাইল বলেন, তাঁরা শষ্ঠী ঘোষকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করবেন।
সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের অভিযোগ, ৩ জানুয়ারি শ্যামলী পরিবহনের সাভারের হেমায়েতপুর ওয়ার্কশপে কাজ করছিলেন রতন। সন্ধ্যার দিকে তিন-চারজন লোক তাঁকে সেখান থেকে নিয়ে যায়। এরপর থেকে তাঁর খবর পাওয়া যাচ্ছিল না। রতনের ভাই হান্নান এ ব্যাপারে সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৯ জানুয়ারি ওই গ্যারেজের পেছন থেকে রতনের গলিত লাশ উদ্ধার করা হয়। রতনের হত্যাকারীদের গ্রেপ্তারের পর দ্রুত বিচার করে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, মেকানিক হত্যার পেছনে দুই ভাইয়ের কোনো দ্বন্দ্ব ছিল না। তিনি বলেন, তাঁদের পরিবারের সবাই মিলে একসঙ্গে ব্যবসা করেন। এসব নিয়ে দ্বন্দ্ব থাকলেও তা কোনো মেকানিক নিয়ে হতে পারে না। তা ছাড়া এই মেকানিক প্রায় ৩৪ বছর ধরে তাঁদের সঙ্গে কাজ করতেন বলে জানান। শ্রমিকদের অভিযোগের ব্যাপারে রমেশ বলেন, শ্রমিকেরা লোকমুখের কথা শুনে শুনে এসব করছেন। এর সঙ্গে তিনি ও তাঁর ভাই জড়িত নন বলে তিনি দাবি করেন।