আহত কলেজ ছাত্রের মৃত্যু গাড়ি ভাঙচুর
সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার রাজধানীর নর্দা এলাকায় গাড়ি ভাঙচুর করেছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় এক ছাত্রীসহ তিনজন আহত হয়। পুলিশ এক ছাত্রকে আটক করেছে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী জানান, গত ১ জুলাই যমুনা ফিউচার পার্কের বিপরীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. আসিফ নামের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নর্দা শাখার উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্র আহত হয়। তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার ওই ছাত্র মারা যায়। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই ছাত্রের জানাজায় অংশ নিতে যাওয়ার সময় হঠাৎ শিক্ষার্থীরা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর শুরু করে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে বিভিন্ন যানবাহনের কাচ ভাঙচুর করতে থাকে। শিক্ষার্থীরা নর্দা এলাকা থেকে শুরু করে বসুন্ধরা আবাসিক এলাকার সামনে প্রধান সড়ক পর্যন্ত অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করে। এ সময় কাচ লেগে একটি প্রাইভেট কারে থাকা ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রী আহত হয়। আরও আহত হয় ক্যামব্রিয়ান স্কুলের এক ছাত্রসহ দুজন। আহত ব্যক্তিদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙচুরের কারণে নর্দা বিশ্ব রোড এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা এ অবস্থা চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নিহত আসিফের বাসা মগবাজারে। গতকাল বাদ জোহর মরহুমের জানাজায় অংশ নিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা মগবাজারে যান। ঘটনার পর নর্দা ক্যাম্পাস বন্ধ রাখা হয়।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাজিদুর রহমান নামের একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।