রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বুধবারের সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটির চালক ও তাঁর সহকারীকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। ওই দুর্ঘটনায় একই পরিবারের মা-বাবা-মেয়ে ও তাঁদের কারচালক নিহত এবং মারাত্মক আহত হন একই পরিবারের আরও দুই মেয়ে। যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। নিহত তৈয়বুল ইসলামের ভাই শফিকুর ইসলাম জানান, দুর্ঘটনায় মারত্মক আহত হয়ে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিত্সাধীন তাঁর দুই ভাতিজি অস্ট্রেলিয়া প্রবাসী সাদিয়া ইসলাম (২৫) ও ঢাকার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা ইসলাম (২০)। গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। সাদিয়া ইসলামের জ্ঞান ফিরে এলেও সুস্মিতা ইসলামের জ্ঞান ফিরেনি। পারিবারিক সূত্র জানায়, দুর্ঘটনায় নিহত তৈয়বুল, তাঁর স্ত্রী রোকেয়া, তাঁদের বাকপ্রতিবন্ধী মেয়ে মম ইসলামের জানাজা শেষে গতকাল গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে দাফন করা হয়েছে। এই পরিবারটি কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে বুধবার ভোরে দুর্ঘটনায় পড়ে।