আহত দুজন খুনের দায় পরস্পরের ওপর চাপাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হওয়ার দায় একে অপরের ওপর চাপাচ্ছেন আহত দুজন। গুরুতর অসুস্থ থাকায় তাঁদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে ঘটনা সম্পর্কে এখনো পরিষ্কার হতে পারেনি পুলিশ।গত রোববার রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে রিংকু নামের একজন নিহত ও দুজন গুরুতর আহত হন। আহত জাকির হোসেন স্বপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ফুয়াদ ফয়সাল অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। রিংকু খুন হওয়ার পর তাঁর ভগ্নিপতি নাহিদ হাসান আহত দুজনসহ ছয়জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন সাগর ওরফে টোকাই সাগর ওরফে রবিউল, সবুজ, হীরা ও পরিকল্পনাকারী হিসেবে প্রতিবেশী আবু তাহের।মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, আহত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফয়সাল বলছেন, রিংকুর ওপর গুলি চালিয়েছেন স্বপন। আবার স্বপন বলছেন, ফয়সালই খুন করেছেন রিংকুকে।মোক্তার হোসেন জানান, রোববার সকালে রিংকু ও ফয়সালকে ফোনে কুতুবখালী মসজিদের গলিতে ডেকে আনেন তাঁদেরই সহযোগীরা। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন স্বপন, সাগর ও হীরা। কথাকাটাকাটির একপর্যায়ে তাঁরা পরস্পরের ওপর গুলি চালান।এদিকে রিংকু ও ফয়সালের পরিবারের অভিযোগ, তাঁদের দুজনকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হামলা চালানো হয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত হতে পারেনি।