আহত ব্যবসায়ী আড়াই মাস পর মারা গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিটে সন্ত্রাসীদের হাতে আহত পুরোনো টাইলস ব্যবসায়ী মিজানুর রহমান (৩২) আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান।পুলিশ জানায়, মিজান স্ত্রী-সন্তান নিয়ে কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে থাকতেন। গত ১৬ এপ্রিল তাঁর বাসার কাছে স্থানীয় তরুণ রবিন ও তার ভাই ববিন ক্রিকেট খেলছিল। তারা দুজনই ধানমন্ডির একটি স্কুল থেকে চলতি বছর মাধ্যমিক পাস করেছে। খেলার সময় তাদের একটি বল পথচারী এক নারীর গায়ে লাগে। এ নিয়ে ওই নারী প্রতিবাদ করলে দুই ভাই মিলে তাঁকে উত্ত্যক্ত করা শুরু করে। ঘটনাস্থলের পাশে ছিলেন মিজান। তিনি দুই তরুণকে এ নিয়ে ধমক দিলে তরুণদের একজন হাতের ক্রিকেট ব্যাট দিয়ে মিজানের মাথায় আঘাত করে। এতে মিজানের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বেলা ১১টায় তিনি মারা যান।