আহতদের জন্য স্বজনের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজের মর্গে স্বামী আবুল কাসেমের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সোহাগী বেগম। ঢাকা, ২৭ জুন।
ছবি: সাইফুল ইসলাম

গাজীপুরের চৌরাস্তা এলাকায় মিনিবাস চালাতেন আবুল কালাম। সেখানে লকডাউন ঘোষণা করায় আবুল কালামের আয়–রোজগার বন্ধ হয়ে যায়। পরিচিত আবুল কাসেম তাঁকে ঢাকায় চলে আসতে বলেন। কাসেমের বাসেই কাজ করছিলেন কিছুদিন ধরে। মগবাজারের বিস্ফোরণে কাসেম নিহত হন। একই বাসে থাকা কালাম এখন হাসপাতালের বিছানায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন আবুল কালাম। আজ মঙ্গলবার তাঁর স্ত্রী মলি আক্তার প্রথম আলোকে বলেন, গাজীপুরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় কালাম আবুল কাসেমের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন। সেদিনের দুর্ঘটনার কথা স্বামীকে জিজ্ঞেস করে মনে করাতে চান না তিনি। তবে কালাম নিজেই মলিকে বলেছেন, তিনি বাসে বসে ছিলেন। এমন সময় আগুনের গোলা দেখেন। তারপর কিছু মনে নেই। কালামের কপাল, হাত ও পা দগ্ধ হয়েছে। মলি বলেন, উনি যে বেঁচে ফিরছেন, তা–ই হাজার শুকরিয়া।

মালামাল গন্তব্যে পৌঁছে দিয়ে ভ্যানচালক মো. নূর নবী (৩০) মগবাজার হয়ে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। বিস্ফোরণে তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। রাজবাড়ীর নূর নবীর স্ত্রী ও ছয় বছরের ছেলে গ্রামেই থাকে। তাঁর ভাই নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সন্ধ্যা থেকে ভাইয়ের ফোন বন্ধ পাচ্ছিলেন। মগবাজারের ঘটনার শিকার হতে পারেন ভেবে ঘটনাস্থলে গিয়ে ভ্যান চিহ্নিত করে হাসপাতালে ছোটেন।

টাঙ্গাইলের ইমরান হোসেন (২৫) বেঙ্গল মিটে কাজ করতেন। তাঁর শরীরও ৯০ শতাংশ দগ্ধ। ইমরানের মা, স্ত্রীসহ স্বজনেরা আইসিইউর বাইরে দিন গুনছেন। তাঁর মামা মো. চাঁন প্রথম আলোকে বলেন, ভাগ্নে কয়েক বছর আগেই বিয়ে করেছেন। সংসার ভালোই চলছিল। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনা তাঁদের মেনে নিতে কষ্ট হচ্ছে। বেশি দগ্ধ হওয়ায় চিকিৎসকেরা আশা দেখাতে পারছেন না।

গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় হঠাৎ বিস্ফোরণে এখন পর্যন্ত আটজন মারা গেছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন চিকিৎসাধীন আছেন। বিস্ফোরণে মূল সড়কের পাশে তিনটি ভবন প্রায় বিধ্বস্ত হয়। আশপাশের অন্তত সাতটি ভবনের কাচ উড়ে গেছে। দুমড়েমুচড়ে গেছে রাস্তায় থাকা তিনটি বাস।

বার্ন ইনস্টিটিউটে পাঁচজন চিকিৎসাধীন। নূর নবী ও ইমরান হোসেন ছাড়া মো. রাসেল (২১) নামের আরেকজনের শরীরও ৯০ শতাংশ দগ্ধ। এ ছাড়া আবুল কালাম ও জাফর আহামেদ সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, বেশি দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তাঁদের অবস্থার কোনো উন্নতি নেই। বাকি দুজনকে আরও কিছুদিন চিকিৎসা নিতে হবে।