আহসান কবীরকে চাপা দেওয়া গাড়িচালক রিমান্ডে
রাজধানীর পান্থপথে আহসান কবীরকে চাপা দেওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চালক মো. হানিফকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই মামলায় গ্রেপ্তার ডিএনসিসির ময়লার গাড়ির চালক মো. হানিফকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে কলাবাগান থানা-পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে আসামিকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান আহসান কবীর।
আহসান কবীর দৈনিক সংবাদের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন। তিনি প্রথম আলোর সাবেক কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য সব যানবাহনের সঙ্গে উত্তর সিটির ময়লার গাড়িটি আটকে ছিল। সিগন্যাল ছাড়ামাত্রই সিগন্যালে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা আহসান কবীর ছিটকে পড়েন। তিনি বাইকের পেছনে ছিলেন। তাঁর মাথার ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। এরপর পেছন থেকে লোকজন ধাওয়া দেন গাড়িটিকে। গ্রিন রোড সিগন্যাল পর্যন্ত গিয়ে চালক ও তাঁর সহযোগী গাড়ি রেখে পালিয়ে যান।
এ ঘটনায় কলাবাগান থানায় করা মামলায় গত শুক্রবার হানিফকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার পান্থপথে আহসান কবীরকে চাপা দেওয়া গাড়িটি মো. হানিফ (২৩) চালাচ্ছিলেন। তাঁর সঙ্গে সহকারী হিসেবে ছিল ১০ বছরের এক শিশু। পান্থপথ হয়ে গাবতলীতে ময়লা ফেলার কথা ছিল গাড়িটির। গাড়িচাপার ঘটনার পর চালক ভয়ে পালিয়ে যান। তিনি প্রথমে গাবতলীতে যান। পরে সেখান থেকে চাঁদপুরে নানাবাড়িতে গিয়ে আত্মগোপন করেন।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, মো. হানিফের হালকা গাড়ি চালানোর সনদ আছে। তিনি সিটি করপোরেশনের গাড়ি সারাইখানায় সহকারী হিসেবে সাত থেকে আট বছর কাজ করেছেন। পরে সিটি করপোরেশনের বিভিন্ন পদে কর্মরত ব্যক্তিদের সঙ্গে হানিফ সুসম্পর্ক গড়ে তোলেন। তাঁরাও সিটি করপোরেশনের গাড়ি হানিফের হাতে ছেড়ে দিতে থাকেন। ২০১৯ সালে তিনি হালকা যান চালানোর সনদ পান। প্রথমে ছোট ট্রাক চালাতেন তিনি। পরে ময়লার ট্রাক হাতে পান।