আহ্ছানিয়া মিশনের ৫৫ বছর পূর্তি
বিগত ৫৫ বছরের পথচলায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ভান্ডারে জমা হয়েছে ব্যাপক শিখন। অর্জনও অনেক। কিন্তু থেমে থাকলে চলবে না। যেতে হবে বহুদূর। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির ৫৫ বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা এভাবেই কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।নগরের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিগত দিনের কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন মিশনের সভাপতি কাজী রফিকুল আলম।রফিকুল আলম বলেন, পঞ্চগড়ে ৩০০ বিঘা জমির ওপর একটি শিশু-নগর গড়ে তোলা হচ্ছে। ১০ হাজার পথশিশু এ নগরে ১৮ বছর বয়স পর্যন্ত থাকার সুযোগ পাবে। অন্যদিকে রাজধানীর উত্তরায় নির্মাণাধীন আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল চলতি বছরের জুলাই মাস থেকে প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করবে। সংবাদ সম্মেলনে আইনজীবী রফিক-উল হক আহ্ছানিয়া মিশনের ক্যানসার হাসপাতালটিতে সহায়তা দেওয়ার জন্য ধনীদের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম শফিউল্লাহ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক এম এহ্ছানুর রহমান উপস্থিত ছিলেন। আগামীকাল তেজগাঁওয়ে অবস্থিত আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিশনের ৫৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী আলোচনা ও প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।