রোগীর স্বজনদের সঙ্গে শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিত্সকদের হাতাহাতির কারণে গতকাল সোমবার বিকেলে প্রায় আড়াই ঘণ্টা পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিত্সাসেবা বন্ধ ছিল।হাসপাতাল সূত্র জানায়, পানিতে ডুবে অসুস্থ এক তরুণকে (১৭) বেলা সাড়ে তিনটার দিকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাকে নিয়ে আসা ব্যক্তিরা জানান, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তিনি পানিতে ঝাঁপ দিয়েছিলেন। জ্যেষ্ঠ চিকিত্সকেরা না থাকায় শিক্ষানবিশ চিকিত্সকেরা মুমূর্ষু ওই রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এতে রোগীর স্বজন-বন্ধুরা মেডিসিন বিভাগে ভাঙচুরের চেষ্টা চালান এবং শিক্ষানবিশ চিকিত্সকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শিক্ষানবিশ চিকিত্সকেরা জরুরি বিভাগসহ কয়েকটি বিভাগের ফটকে তালা দিয়ে হাসপাতালে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেন। চিকিত্সাসেবা বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় জ্যেষ্ঠ চিকিত্সকদের হস্তক্ষেপে চিকিত্সাসেবা শুরু হলেও শিক্ষানবিশ চিকিত্সকেরা কাজে যোগ দেননি।রোগীর স্বজনেরা জানান, পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দীন খান বলেন, এ ঘটনায় সাত তরুণকে আটক করা হয়েছে।