আড়াই ঘণ্টায় কেউ আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানার নিচতলার কক্ষটিতে বসে আছেন একজন কর্মকর্তা। ছোট পরিসরের কক্ষে একটি সোফা, একটি টেবিল ও চেয়ার রাখা। কক্ষে সাজানো আছে কয়েকটি পুতুল। দেয়ালে লাগানো স্টিকার। আছে বেগম রোকেয়া, মাদার তেরেসা ও সুফিয়া কামালের ছবি।

গতকাল রোববার দুপুরে রমনা মডেল থানার নারী ও শিশু সহায়তা কেন্দ্রে গিয়ে দেখা যায় এই দৃশ্য। গতকাল বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ওই কেন্দ্রে অবস্থান করে কাউকে সেখানে সেবা নিতে আসতে দেখা যায়নি।

পুলিশ জানায়, অনেক সময় নারী ও শিশুরা থানায় এসে স্পর্শকাতর বিষয়ে অন্যদের সামনে দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দবোধ করে না। তাঁরা থানায় এসে যেকোনো সমস্যার কথা যাতে নির্দ্বিধায় বলতে পারেন, সে জন্য পাঁচ মাস আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রমনা মডেল থানায় চালু করে নারী ও শিশু সহায়তা কেন্দ্র। একজন নারী উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে এই কেন্দ্র সার্বক্ষণিক চালু থাকার কথা। দায়িত্বপ্রাপ্ত এসআই নারী ও শিশুদের বিভিন্ন সমস্যার কথা শুনবেন এবং আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেবেন। গতকাল দায়িত্বে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) নার্গিস আক্তার।

কারা আসেন এই সহযোগিতা কেন্দ্রে? জানতে চাইলে এএসআই নার্গিস আক্তার প্রথম আলোকে বলেন, সন্তান পালিয়ে গেলে অভিযোগ করতে মা-বাবা আসেন। এ ছাড়া যেকোনো ধরনের নির্যাতন ও ধর্ষণের শিকার নারীরা এখানে আসেন। অপহরণের ঘটনা ঘটলে এখানে সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। মূলত সাহায্যপ্রার্থী বা হয়রানির শিকার কেউ এলে তাঁর বসার জায়গা হিসেবে কক্ষটি ব্যবহার করা হয়।

কক্ষে রাখা আছে দুটি রেজিস্টার। এর একটি খালি। আরেকটিতে একটি শিশু হারিয়ে যাওয়া সম্পর্কিত অভিযোগের বিষয়টি উল্লেখ করা আছে।

জানতে চাইলে নার্গিস আক্তার বলেন, তিনি এই থানায় এসেছেন এক মাস আগে। আগের কোনো বিষয়ে তিনি জানেন না। তবে তিনি এখানে আসার পর গত এক মাসে সাত-আটজন সহায়তার জন্য এসেছেন। এই রেজিস্টারে সেগুলোর উল্লেখ না থাকার প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণত যাঁরা আসেন, তাঁদের অভিযোগ লেখা হয় অন্যগুলোর সঙ্গেই। তাই আলাদা খাতায় তোলা হয় না।’

রমনা মডেল থানার ওসি মো. মশিউর রহমান বলেন, নারী ও শিশুরা যাতে এখানে বসে মন খুলে সমস্যার কথা বলতে পারে, সে জন্য সহায়তা কেন্দ্রটি চালু করা হয়েছে। অনেকে এই কেন্দ্রে সহায়তার জন্য এসেছেন। তবে কেন্দ্রের রেজিস্টারে সেগুলো আলাদা করে উল্লেখ করা হয়নি। ওসি বলেন, ভবিষ্যতে সব ঘটনা রেজিস্টারে লিপিবদ্ধ করা হবে। এ ছাড়া আগের ঘটনাগুলোও তাঁরা রেজিস্টারে তুলে ধরবেন।