আড়াই বছর ধরে মর্গে পড়ে আছে এক শিক্ষকের লাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই বছরের বেশি সময় ধরে জনৈক শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে। ধর্মীয় পরিচয় সম্পর্কে সিদ্ধান্তে আসতে না পারায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদেশ সত্ত্বেও চন্দনের লাশটি গবেষণার কাজে ব্যবহার করতে পারছে না মেডিকেল কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।২০১০ সালের ৩ জানুয়ারি অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন চন্দনের লাশটি ঢাকা মেডিকেল কলেজে গবেষণার কাজে ব্যবহারের আদেশ দেন। ওই দিনই লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনা হয়। মহানগর হাকিমের আদেশের বিরুদ্ধে শিক্ষক চন্দনের প্রথম স্ত্রী দাবিদার তিথি চক্রবর্তী এবং দ্বিতীয় স্ত্রী দাবিদার আকলিমা আকতার পৃথক দুটি আবেদন করেন। ঢাকার বিশেষ জজ-৬-এর তৎকালীন বিচারক মোছাম্মৎ ফজিলা বেগম দুজনের আবেদন খারিজ করে হাকিম আদালতের আদেশ বহাল রাখেন। এরপর গত ৩১ জুলাই এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শিক্ষক চন্দনের সুন্নতে খতনা-সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ফজলুল হক ৫ আগস্ট প্রতিবেদন দেন। তাতে বলা হয়, ‘দীর্ঘদিন মর্গে থেকে লাশটি পচে যাওয়ার কারণে খতনা সম্পর্কে মতামত দেওয়া সম্ভব হচ্ছে না।’ গতকাল বুধবার এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। বিচারক না থাকায় শুনানি হয়নি।মামলার নথি পর্যালোচনা করে দেখা যায়, চন্দন কুমার ২০০৯ সালের ২৫ ডিসেম্বর রাতে খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। পুলিশ তাঁর লাশ উদ্ধার এবং অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় একটি মামলা করে। পরে খবর পেয়ে দ্বিতীয় স্ত্রী হিসেবে আকলিমা আকতার চন্দনের লাশ চেয়ে আবেদন করেন। খবর পেয়ে চন্দনের প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী ঢাকায় ফেরেন এবং স্বামীর লাশ চেয়ে আবেদন করেন। এ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে নিহত চন্দন হিন্দু না মুসলমান, তা নির্ধারণের জন্য আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। তখন দ্বিতীয় স্ত্রী আকলিমা আকতারের পক্ষে বলা হয়, চন্দন হলফনামার মাধ্যমে হিন্দুধর্ম ত্যাগ করে তাঁকে বিয়ে করেছেন। তবে আকলিমার দাবি অনুযায়ী তাঁদের বিয়ে পড়ানোর কাজী মৌলভী আনিসুল ইসলামকে পাওয়া যায়নি। অপর দিকে শিক্ষক চন্দন যে হিন্দু ধর্মাবলম্বী, তার সপক্ষে প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র দাখিল করেন।