মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
আয় বণ্টনের সমতাসহ কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে: বিনায়ক সেন
স্বাধীনতার সময়ে প্রত্যাশা করা যায়নি এমন অনেক ক্ষেত্রে বাংলাদেশ ইতিবাচক ফল করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন।
আজ মঙ্গলবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা দেন বিনায়ক সেন। সেখানে তিনি বলেন, অতীতের সঙ্গে তুলনা করে নয়, নিকটবর্তী অনেক দেশের তুলনায় নিম্ন আয়ের দেশ বা নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে নানা সূচকে বাংলাদেশের যতটুকু অগ্রগতি হওয়ার কথা ছিল, বাস্তব অগ্রগতি এর চেয়ে বেশি হয়েছে। তবে দারিদ্র্যের হার, শ্রমবাজারে নারীর অংশগ্রহণ, জিডিপিতে রপ্তানির অবদানের অনুপাত ও আয় বণ্টনের অসমতা মানদণ্ডে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে।
বিনায়ক সেন আরও বলেন, ‘অনেকের ধারণা, আমাদের বাহাত্তরের সংবিধানের সমতামুখী আকাঙ্ক্ষা সেটা উত্তর ভারতীয় সংবিধান থেকে এসেছে। ভারতের সংবিধানে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সংযোজিত হয় ১৯৭৬ সালে। ‘সুযোগের সমতা’ শব্দটা এখন আমরা খুব বলতে শুনি, এমডিজি-এসডিজির সময়ে। কিন্তু এই কথাটা আমাদের বাহাত্তরের সংবিধানে ১৮ ও ১৯ অনুচ্ছেদে বিস্তৃতভাবে বলা হয়েছে। ধারণা ছিল, এখানে কৃষিতে প্রযুক্তির অন্তর্ভুক্তির অনেক ধীরগতির হবে। জনসংখ্যা বৃদ্ধিও রোধ করা যাবে না। সত্তরের দশকেও বলা হয়েছিল এখানে আধুনিক উদ্যোক্তা শ্রেণি গড়ে ওঠার সুযোগ ক্ষীণ। আমাদের শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ছে। ২০১০ সালের শেষের দিকে বাংলাদেশের এই চিত্র ৩৬ দশমিক ৩৭ শতাংশ, যা ভারতে ২০ দশমিক ৭৯ এবং পাকিস্তানে ২২ দশমিক ৬৩ শতাংশ।’
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী। ট্রাস্টি সারা জাকেরের পক্ষে জাদুঘরের বার্ষিক প্রতিবেদনের সারসংক্ষেপ উপস্থাপন করেন জাদুঘরের গবেষণা ও গ্রন্থাগার ব্যবস্থাপক রেজিনা বেগম। এ ছাড়া অনিক বসুর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষার্থীরা।