বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে অর্থসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জানা যায়, গত ৫ জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বেসরকারি উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক আয়ের ওপর ১৫ শতাংশ কর ধার্য করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার অগ্রিম কর দেওয়ার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) বরাবর নোটিশ পাঠান। এর বৈধতা চ্যালেঞ্জ করে এনএসইউ হাইকোর্টে রিট আবেদনটি করে।আদালতে রিট আবেদনকারী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. সাখাওয়াত হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, অর্থ মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সে সঙ্গে অগ্রিম কর চেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে দেওয়া নোটিশের কার্যকারিতাও দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।রিট আবেদনে বলা হয়, সংবিধানের ১৫ অনুচ্ছেদে রাষ্ট্রের দায়িত্বের বিষয়ে বলা আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার ভর্তুকি দেয় না। বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কর আরোপ করেছে। যেসব শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন না, তাঁরাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। এ ক্ষেত্রে কর আরোপ বৈষম্যমূলক ও মৌলিক অধিকার পরিপন্থী।