সামিউল হত্যা মামলায় মা আয়েশা হুমায়রা ও তাঁর বন্ধু শামসুজ্জামানকে আসামি করে মামলার অভিযোগপত্র তৈরির কাজ চলছে। তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, অভিযোগপত্র আগামী সপ্তাহে জমা দেওয়া হতে পারে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শেষ করে ফেলেছে। মামলার তদারক কর্মকর্তা ও পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে বলেন, শামসুজ্জামান একাই সামিউলকে খুন করেছেন। আয়েশা হুমায়রা এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ না নিলেও প্ররোচনা দিয়েছেন। তাই অভিযোগপত্রে তাঁর নাম রাখা হবে। তবে গ্রেপ্তার হওয়া শামসুজ্জামানের স্ত্রী নাদিরা জামান সাথী ও ভাই নুরুজ্জামানের ঘটনার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ না পাওয়ায় অভিযোগপত্রে তাঁদের নাম থাকছে না। শামসুজ্জামান, আয়েশা, সাথী ও নুরুজ্জামান বর্তমানে কারাগারে আছেন। তদন্তকারী সূত্র জানায়, নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ২৪ জুন শিশু সামিউলের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই দিনই সামিউলের মা আয়েশাকে গ্রেপ্তার করা হয়। পরে আয়েশার বন্ধু শামসুজ্জামান, তাঁর স্ত্রী সাথী ও ভাই নুরুজ্জামান গ্রেপ্তার হন। শামসুজ্জামান গত বুধবার আদালতে দ্বিতীয় দফায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি আদালতকে বলেছেন, তিনি একাই সামিউলকে অপহরণের পর জুসের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাইয়ে দেন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বস্তায় ভরে ফেলে দেন।এর আগে শামসুজ্জামান এ হত্যাকাণ্ডে আয়েশাকে জড়িয়ে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তারা বলেন, ওই জবানবন্দিতে শামসুজ্জামানের তথ্যের গরমিল ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কাজী সাহান হক জানান, আসামি শামসুজ্জামান ও আয়েশার স্থায়ী ঠিকানা ও আনুষঙ্গিক তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট থানায় অনুসন্ধানপত্র (ইনকোয়ারি স্লিপ) পাঠানো হয়েছে। সেখান থেকে পুলিশের প্রতিবেদন পেলে আগামী সপ্তাহে আদালতে তাঁরা অভিযোগপত্র জমা দিতে পারবেন বলে তিনি মনে করছেন। সামিউলের বাবা কে আর আজম প্রথম আলোকে জানান, আয়েশা লোক মারফত তাঁকে কারাগারে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছেন। আজম জানিয়েছেন, আয়েশা নিজের ভুল স্বীকার করে তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। তওবা পড়ে আবার তাঁর সঙ্গে ঘর বাঁধার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে আজম বলেছেন, সন্তান হারানোর কারণে সে সম্ভাবনা চিরতরে শেষ হয়ে গেছে।