আয়েশা ফয়েজকে অবশেষে বাড়িটি দলিল করে দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বরাদ্দের প্রায় দুই যুগ পর শহীদজায়া এবং প্রয়াত জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজের (আয়েশা আক্তার) নামে পল্লবীর বাড়িটি দলিল (নিবন্ধন) করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কামাল উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, মিরপুর পল্লবীর ২৪/৪ নম্বর এই পরিত্যক্ত বাড়িটি ১৯৮৯ সালে শহীদজায়া আয়েশা আক্তারের নামে বরাদ্দ দেওয়া হলেও এ নিয়ে মামলা হওয়ায় এত দিন নিবন্ধন করে দেওয়া হয়নি। কিন্তু সরকার এখন মামলা চলমান অবস্থায় বাড়িটি নিবন্ধন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরে মামলায় যে রায় হবে, তা-ই মেনে নিতে হবে। মন্ত্রণালয়ে সিদ্ধান্ত হওয়ার পর এখন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও ঢাকার পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে পাঠানো হবে বলে জানান তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, স্বনামধন্য এই পরিবারকে ১৯৭২ সালের মূল্যে বাড়িটি দলিল করে দেওয়া হচ্ছে। আড়াই কাঠার এই বাড়ির মূল্য অনেক আগেই পরিশোধ করা হয়েছে। মূল্য পরিশোধ করার পর দলিল করার সময়ই মামলার বিষয়টি সামনে আসে। তখন আর দলিল করে দেওয়া হয়নি। সরকারের নতুন এ সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আয়েশা ফয়েজের মেয়ে সুফিয়া হায়দার প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমাদের জানানো হয়েছে।’